চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পর এখন আর আগের মতো কয়েক দিনের মধ্যে পণ্য হাতে পাচ্ছেন না ব্যবসায়ীরা। কনটেইনার পণ্য নিয়ে জাহাজ আসার পর এখন বন্দরের বাইরে অপেক্ষা করতে হচ্ছে সর্বোচ্চ আট-নয় দিন। রড তৈরির কাঁচামালসহ সাধারণ পণ্যবাহী জাহাজ অপেক্ষা করছে কোনোটি এক মাসেরও বেশি সময় ধরে।
ব্যবসায়ীরা বলেন, পণ্য পরিবহন বাড়তে থাকলেও বন্দর কর্তৃপক্ষ সে অনুযায়ী জেটি ও পণ্য রাখার চত্বর নির্মাণ করেনি। গত আট বছরে এক ইঞ্চি জেটিও নির্মিত হয়নি। কাগজে-কলমে বন্দরে কনটেইনার জাহাজের ১৩টি এবং সাধারণ পণ্যবাহী জাহাজ ভেড়ানোর ৬টি জেটি রয়েছে। সংস্কারকাজ ও অপেক্ষাকৃত লম্বা জাহাজের জন্য একাধিক জেটিতে জাহাজ ভেড়ানো যাচ্ছে না। ফলে পণ্য আমদানি-রপ্তানির ভরা মৌসুমে এসে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
বন্দরের জাহাজের তালিকায় দেখা যায়, বন্দর জলসীমায় আসার পর এখন প্রতিদিন গড়ে ৯ থেকে ১১টি জাহাজ জেটি বরাদ্দ পাচ্ছে না। এসব জাহাজ বন্দরের বহির্নোঙরে রাখতে হচ্ছে। অথচ একই সময়ে দুবার চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর বন্দরে জাহাজ আসা-যাওয়া করতে পারে।
জাহাজ আসার পরও নির্ধারিত সময়ে পণ্য হাতে না পাওয়ায় পোশাকশিল্পের মালিকেরা রপ্তানি পণ্য ক্রেতার হাতে তুলে দিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় আছেন। যেমন ঢাকার তারাসিমা অ্যাপারেলস লিমিটেড কনটেইনারে করে ১০ লাখ গজ কাপড় আমদানি করছে। এর মধ্যে ‘এমভি থরস্ট্রম’ জাহাজে নয়টি কনটেইনারে ৩ লাখ ৭৮ হাজার গজ কাপড় আনা হয়েছে। জাহাজটি বন্দরের বহির্নোঙরে আসার নয় দিন পর জেটি বরাদ্দ পেয়েছে।
তারাসিমা অ্যাপারেলসের উপব্যবস্থাপক (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ক্রেতার সময়সীমা অনুযায়ী ৩০ দিনের মধ্যে পোশাক উৎপাদন করে জাহাজে তুলে দিতে হবে। অথচ জাহাজ বন্দরে আসার পর পণ্য হাতে পেতেই ১০ দিন দেরি হচ্ছে। বন্দরে জাহাজ দ্রুত ভিড়তে না পারায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
কনটেইনারে আনা পণ্যের বড় অংশই পোশাকশিল্পের কাঁচামাল তুলা, কাপড় ইত্যাদি। বন্দরে কনটেইনার জাহাজের জটের কারণে সবচেয়ে ভুক্তভোগী হচ্ছেন এ শিল্পের মালিকেরা। বিজিএমইএর বন্দর ও জাহাজীকরণ-বিষয়ক কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, যেখানে কম সময়ে পণ্য হাতে পাওয়ার কথা, এখন সেখানে উল্টো দিন দিন দেরিতে পণ্য হাতে পাচ্ছেন পোশাকশিল্পের মালিকেরা। বন্দর সেবা দিতে না পারায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পোশাকশিল্প।
জাহাজ কোম্পানির কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন বন্দর দিয়ে পণ্য আমদানি বাড়ছে। গত মাসেই বন্দর দিয়ে ১ লাখ ৯৮ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। পণ্য আমদানি বাড়ায় জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, খালাস—সব ক্ষেত্রেই জট লেগে গেছে।
কনটেইনার জাহাজ পরিচালনাকারী সি কনসোর্টিয়াম লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন আহমেদ সাহেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে জটের কারণে সিঙ্গাপুর ও কলম্বো বন্দরেও চট্টগ্রামমুখী কনটেইনার পড়ে আছে। এই বাড়তি কনটেইনার আনার জন্য জাহাজ কোম্পানিগুলোকে নিজেদের বহরে থাকা জাহাজের পাশাপাশি অতিরিক্ত জাহাজ ভাড়া করতে হচ্ছে।
বন্দর পর্ষদের সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, প্রতিবছর রোজার আগে পণ্য আমদানি বাড়ে। এবার রোজার সঙ্গে বাজেট উপলক্ষেও আমদানি বেড়েছে। এতে সমস্যা তৈরি হয়েছে। পণ্য আমদানি বাড়ায় তা ওঠানো-নামানোর জন্য বিকল্প পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা চলছে।