জাহাজ তৈরির বড় জায়গা কেরানীগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের চর মীরেরবাগ এলাকার একটি শিপইয়ার্ডে পণ্যবাহী কার্গো জাহাজ নির্মাণের কাজ করছেন দুই শ্রমিক। পাশেই (বাঁয়ে) পুরোনো একটি কার্গো সংস্কারের কাজ চলছে। গতকাল দুপুরে ছবিটি তুলেছেন সাজিদ হোসেন
কেরানীগঞ্জের চর মীরেরবাগ এলাকার একটি শিপইয়ার্ডে পণ্যবাহী কার্গো জাহাজ নির্মাণের কাজ করছেন দুই শ্রমিক। পাশেই (বাঁয়ে) পুরোনো একটি কার্গো সংস্কারের কাজ চলছে। গতকাল দুপুরে ছবিটি তুলেছেন সাজিদ হোসেন

পুরান ঢাকার বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জের চর মীরেরবাগের এক শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে এমভি সাদিক। নির্মাণকাজের খুঁটিনাটি তদারক করছেন কার্গোর স্বত্বাধিকারী ওসমান গণি। তিনি বললেন, বিদেশি পুরোনো জাহাজের ভেতরে ব্যবহৃত ইস্পাত দিয়ে কার্গোটি নির্মাণ করা হচ্ছে। সব মিলিয়ে তাঁর ব্যয় হচ্ছে আনুমানিক আট কোটি টাকা।

কেরানীগঞ্জের খেজুরবাগ ও চর মীরেরবাগ এলাকায় বিভিন্ন শিপইয়ার্ডে এমভি সাদিকের মতো পণ্যবাহী কার্গো ও কোস্টার জাহাজ এবং বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ তৈরি হয়। এমনকি পুরোনো জাহাজ ও লঞ্চ সংস্কারের কাজ এই ইয়ার্ডগুলোতেই হয়। সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে ইয়ার্ড ভাড়া নিয়ে শ্রমিকদের দিয়ে নির্মাণ ও সংস্কারকাজ করান জাহাজ ও লঞ্চের মালিকেরা।

গত বুধবার পুরো এলাকা ঘুরে দেখা গেল, বুড়িগঙ্গা নদীর পার ঘেঁষে ১৮-২০টি শিপইয়ার্ড গড়ে উঠেছে। প্রায় প্রতিটি ইয়ার্ডেই কার্গো জাহাজ ও লঞ্চের নির্মাণ বা সংস্কারের কাজ করছেন শ্রমিকেরা। এ ছাড়া জাহাজের পাখা, হুইলসহ অন্যান্য ছোটখাটো যন্ত্রাংশের জোগান দিতে ইয়ার্ডের আশপাশের এলাকায় গড়ে উঠেছে ছোট ছোট কারখানা।

কয়েকজন ইয়ার্ড মালিক ও শ্রমিক জানান, কেরানীগঞ্জে শিপইয়ার্ডগুলোতে বছরে কয়েক শ কোটি টাকার জাহাজ তৈরি হয়। এসব ইয়ার্ডে হাজার ছয়েক শ্রমিক কাজ করেন। তাঁদের অধিকাংশই দৈনিক ভিত্তিতে মজুরি পান। তবে ঝুঁকিপূর্ণ কাজ করলেও ন্যূনতম নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করেন না শ্রমিকেরা। ফলে প্রায়ই তাদের ছোটখাটো দুর্ঘটনায় পড়তে হয়।

এমভি সাদিকের পাশেই ১৮০ ফুট লম্বা এমভি পেয়ারা নামের পণ্যবাহী কোস্টার জাহাজ নির্মিত হচ্ছে। জাহাজটির রঙের কাজ করছিলেন বাদশা ফয়সাল। সারা শরীরে কালিঝুলি মাখা। ১০-১২ বছর ধরে ইয়ার্ডে কাজ করেন তিনি। দৈনিক মজুরি ৩৮০ টাকা। আর দুপুরে খাওয়ার জন্য পান ২০ টাকা। বললেন, বৃষ্টি হলেই কাজ বন্ধ থাকে। সংসার চালাতে খুব কষ্ট হয়।

পাশেই রাবেয়া শিপিংয়ের মালিকানাধীন ইয়ার্ড। এখানেই রহিম শিপিং লাইনসের শাহরুখ-২ নামের যাত্রীবাহী লঞ্চ তৈরি হচ্ছে। ২৩০ ফুট লম্বা পৌনে তিন তলা এই লঞ্চের ব্যয় ১০ কোটি টাকা। তবে কোন পথে চলবে সেটি, এখনো চূড়ান্ত হয়নি বলে জানালেন প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. তৌহিদ।

জানতে চাইলে তৌহিদ বললেন, মাসিক ৮০ হাজার টাকায় ইয়ার্ডটি ভাড়া নিয়ে লঞ্চ তৈরি করছেন তাঁরা। গত ১৭ জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়েছে। শিগগিরই কাজ শেষ হলে যাত্রী পরিবহনে নদীতে নামবে শাহরুখ-২।

এই ইয়ার্ডের এক পাশে সিমেন্টের খুঁটির ওপর রাবেয়া শিপিংয়ের বিশাল একটি লঞ্চ ও একটি কোস্টারের নির্মাণকাজ চলছে। ৩০০ ফুট লম্বা ও ৫০ ফুট প্রস্থের লঞ্চটি পারাবত-১৮ নামে যাত্রী পরিবহন করবে। বিলাসবহুল লঞ্চটি হবে চার তলা। সব মিলিয়ে খরচ পড়বে ৩৫-৪০ কোটি টাকা। প্রতিদিন ৭৫-৮০ জন শ্রমিক নির্মাণকাজ করছেন।

জানতে চাইলে রাবেয়া শিপিংয়ের কর্মকর্তা আনোয়ার হোসেন বললেন, ‘জাহাজের কাঠামো, রং, আসবাব ও ইলেকট্রিকের কাজ ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানকে চুক্তিতে দেওয়া হয়েছে।’ কাজ কবে শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, একটি ৩০০ ফুট লম্বা বিলাসবহুল লঞ্চ নির্মাণে তিন থেকে সাড়ে তিন বছর লেগে যেতে পারে।

বেলা একটার দিকে বিভিন্ন জাহাজ থেকে কর্মরত শ্রমিকেরা দুপুরের খাবারের জন্য একে একে বেরিয়ে আসছিলেন। এক শ্রমিকের পোশাক দেখে চোখ আটকে গেল। কথা বলতে এগিয়ে গেলাম আমরা। আকাশি রঙের বিশেষ পোশাক ও চামড়ার বুট জুতা পরা ওই শ্রমিক ততক্ষণে পারাবত-১৮-এর পাশে লোহালক্কড়ের ওপর বসেছেন। হাত ধুয়ে খাবারের বক্সও খুলছেন।

শ্রমিকের নাম আক্তার হোসেন। ১৯৮২ সাল থেকে জাহাজের কাঠামো নির্মাণে ওয়েল্ডিংয়ের কাজ করেন। মাঝে দুই দফায় চার বছর সিঙ্গাপুর ও দুবাইয়ের শিপইয়ার্ডে কাজ করেছেন। সেখান থেকেই নিরাপত্তার জন্য বিশেষ পোশাক নিয়ে এসেছেন।

আক্তার হোসেন বললেন, ‘আমাদের এখানে নিরাপত্তা নিয়ে কেউ ভাবে না। জাহাজ নির্মাণে বৈদ্যুতিক দুর্ঘটনা বেশি ঘটে। কম-বেশি সবাই আহত হন। তবে ইয়ার্ড মালিকেরা কোনো নিরাপত্তা সরঞ্জামই দেন না। আর শ্রমিকেরা এত কম মজুরি পান যে, তাঁদের নিজেদের কেনার সামর্থ্য থাকে না। একটি গ্লাভসের দাম ১৬০ টাকা। কিন্তু এক মাসও টেকে না।’ তিনি আরও বলেন, ‘বিদেশে কাজ করতে গিয়ে আমি বিশেষ পোশাক ও জুতা ব্যবহারে অভ্যস্ত হয়েছি।’

খেজুরবাগের হক শিপ বিল্ডার্সে জাহাজের সংস্কারকাজ হয়। তাদের ইয়ার্ডে চারটি স্লিপার (জাহাজ নদী থেকে পাড়ে ওঠাতে রেললাইনের মতো ব্যবস্থা) আছে। এসব স্লিপার সাপ্তাহিক হিসেবে ভাড়া নিয়ে সংস্কারকাজ করান জাহাজমালিকেরা।

হক শিপ বিল্ডার্সের স্বত্বাধিকারী নাজমুল হক বললেন, কেরানীগঞ্জের ইয়ার্ডগুলো সারা বছরই ব্যস্ত থাকে। দেশের অর্থনীতি বড় হওয়ায় আমদানি-রপ্তানি বাড়ছে। অন্যদিকে যাত্রী পরিবহন আগের চেয়ে বেড়েছে। ফলে প্রতিবছরই অনেক জাহাজ তৈরি হচ্ছে। তবে নতুন জাহাজ নির্মাণের জন্য প্রচুর জায়গা লাগে। অধিকাংশ ইয়ার্ডে সেটি নেই। জায়গার ব্যবস্থা করা গেলে কেরানীগঞ্জেই আরও জাহাজ নির্মাণ করা সম্ভব।