জাহাজ থেকে খাদ্যশস্য খালাস শুরু করতেই নয় দিন অপেক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত হাজার টন চাল নিয়ে ১৬ জুলাই চট্টগ্রাম বন্দরে আসে এমভি এন সান জাহাজটি। টানা সাত দিন বহির্নোঙরে অপেক্ষার পর গত বৃহস্পতিবার জাহাজটি নয় নম্বর কনটেইনার জেটিতে ভেড়ে। কিন্তু এক জেটির শ্রমিক দিয়ে অন্য জেটিতে পণ্য খালাসের বিরোধিতা করে ডক শ্রমিকেরা।তাঁদের বাধার কারণে জাহাজটি থেকে চাল খালাস হয়নি। অগত্যা বাধ্য হয়ে জাহাজটি আবার সাত নম্বর জেটিতে স্থানান্তর করা হয়। নয় দিন পর গত শনিবার বিকেল চারটা থেকে এই জাহাজের পণ্য খালাস শুরু হয়। জাহাজটির স্থানীয় প্রতিনিধি হামারা শিপিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির চৌধুরী প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, এর আগে সর্বোচ্চ চার দিনে সাত হাজার টন পণ্য খালাস করে ফিরে যেত জাহাজ। এখন নয় দিনে এক টন চাল খালাস করতে না পারলেও জাহাজের পেছনে খরচ হয়ে গেছে প্রায় ১৯ লাখ টাকা। একইভাবে প্রায় ৪০ হাজার ৭০০ টন গম নিয়ে এমভি জাহান মণি জাহাজটি বন্দরে আসে ১৪ জুলাই। বহির্নোঙরে কিছু গম খালাস করে জাহাজটি গত শুক্রবার ছয় নম্বর কনটেইনার জেটিতে ভিড়লেও আর খালাস করতে পারেনি। শ্রমিকদের বাধার মুখে বাধ্য হয়ে জাহাজটি আট নম্বর জেটিতে ভেড়ানো হয়। জানা গেছে, আট নম্বর জেটিতে পণ্য ওঠানো-নামানোর কাজ করছে নতুন নিয়োগ পাওয়া বেসরকারি অপারেটর পঞ্চরাগ উদয়ন সংস্থা। শনিবার দুপুরে দুই গ্যাং নিজস্ব শ্রমিক এবং দুই গ্যাং ডক শ্রমিকও প্রস্তুত রাখা হয়। ঘণ্টাখানেক পণ্য খালাসও হয়। কিন্তু একপর্যায়ে বাইরের শ্রমিক দিয়ে পণ্য খালাসের বিরোধিতার করেন ডক শ্রমিকেরা। ফলে গম খালাসও হয়নি।এ পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর শনিবার রাত দুইটা থেকে পণ্য খালাসের কাজ শুরু করেন শ্রমিকেরা।পঞ্চরাগ উদয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ প্রথম আলোকে বলেন, খাদ্যশস্যবাহী জাহাজ দ্রুত খালাসের জন্য বন্দর বিশেষ উদ্যোগ নিলেও শ্রমিকদের বাধায় তা সম্ভব হচ্ছে না। প্রতিদিন শ্রমিকদের বাধায় খাদ্যশস্য খালাসে ব্যাঘাত ঘটছে।এ প্রসঙ্গে ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ বলেন, শ্রমিকেরা কাজ করতে আগ্রহী। কিন্তু বন্দরের নানা সিদ্ধান্তের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন প্রথম আলোকে বলেন, সমস্যা সৃষ্টি হওয়ার পর শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, খাদ্যশস্য খালাসের জন্য চট্টগ্রাম বন্দরে দুটি জেটি নির্ধারিত আছে। রমজানকে সামনে রেখে খাদ্যশস্যবাহী জাহাজ বেশি আসায় বন্দর কর্তৃপক্ষ বিশেষ অগ্রাধিকার দিয়ে কনটেইনার জেটিতে খাদ্যশস্য খালাসের উদ্যোগ নেয়।কিন্তু শ্রমিকদের দফায় দফায় বাধার কারণে একেকটি জাহাজ থেকে খাদ্যশস্য খালাস শুরু করতে স্বাভাবিক সময়ের চেয়ে আট-নয় দিন বেশি লাগছে। যে কারণে এখন বহির্নোঙরে খাদ্যশস্য বিশেষ করে চাল খালাসের জন্য অপেক্ষমাণ রয়েছে পাঁচটি জাহাজ। শ্রমিকদের বাধার কারণে এসব জাহাজ থেকে খাদ্যশস্য খালাস শুরু করতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।খাদ্যশস্যসহ সাধারণ পণ্যবাহী জাহাজের পণ্য খালাসে বেশি সময় লেগে যাওয়ায় কোথাও কোথাও জাহাজ ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদেশি জাহাজের স্থানীয় প্রতিনিধিরা। এই ভাড়া শুধু বাংলাদেশমুখী সাধারণ পণ্যবাহী জাহাজের জন্য প্রযোজ্য বলে তাঁরা জানান। এ প্রসঙ্গে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক ওয়াছিউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, বন্দরে এখন স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ খাদ্যশস্যসহ সাধারণ পণ্যবাহী জাহাজ অবস্থান করছে। এ কারণে ধারণ ক্ষমতাভেদে বিদেশি জাহাজ মালিকদের অনেকেই বাংলাদেশমুখী জাহাজের ভাড়া বাড়িয়ে দিয়েছেন। জাহাজ ভাড়া বেড়ে গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে খরচ বাড়বে বলে তিনি উল্লেখ করেন।