জাহাজ নির্মাণ ও ওষুধশিল্পে বড় প্রণোদনা
কয়েক বছর ধরে আমদানি পর্যায়ে শুল্ক কমিয়ে দেশীয় শিল্পকে সহায়তা দেওয়ার যে নীতি সরকার গ্রহণ করে আসছে, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও সে ধারা অব্যাহত রয়েছে। বিশেষ করে, জাহাজ নির্মাণ ও ওষুধশিল্পে বড় রকমের প্রণোদনা ঘোষণা করেছে সরকার।প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেট পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেন।বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আমদানি শুল্ক ও আমদানি পর্যায়ে সম্পূরক শুল্কে বেশ পরিবর্তন আনা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে রেয়াত দেওয়া হয়েছে, কোথাও শুল্ক কমানো হয়েছে, আবার অনেক ক্ষেত্রে শুল্ক কমানোও হয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য হলো, দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া এবং যেসব খাতে আমদানি অপরিহার্য, সেসব খাতে আমদানি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা। প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় দেখা যায়, ২০১১-১২ অর্থবছরে দেশীয় ওষুধশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে উদ্যোক্তাদের সব মিলিয়ে ১৫২ শতাংশ শুল্ক দিতে হতো। তবে প্রস্তাবিত বাজেটে তাদের শুল্ক দিতে হবে মাত্র ৩ শতাংশ। এ খাতের সরঞ্জামের ওপর আরোপিত সম্পূরক শুল্ক ও মূসক সম্পূর্ণ তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে ৩ শতাংশ হারে আমদানি শুল্ক বহাল থাকছে।একইভাবে ওষুধশিল্পের প্রয়োজনীয় ৪৬টি উপকরণের ওপরও শুল্ক-কর কমানো হয়েছে। চলতি অর্থবছরে এসব উপকরণের আমদানিতে সব মিলিয়ে ৩৮ থেকে ৫৯ শতাংশ পর্যন্ত শুল্ক-কর দিতে হতো। তবে আগামী অর্থবছরে কর দিতে হবে ২৯ শতাংশ। এ খাতের ওপর এবারও সম্পূরক শুল্ক রাখা হয়নি।জাহাজ নির্মাণ খাতের উদ্যোক্তাদের ২০১১-১২ অর্থবছরে সব মিলিয়ে ৩৮ শতাংশ শুল্ক-কর দিতে হতো। তবে আগামী অর্থবছরে তাঁদের দিতে হবে মাত্র ৫ শতাংশ। এ খাতের ওপর থেকেও সম্পূরক শুল্ক ও মূসক প্রত্যাহার করা হয়েছে। দেশীয় সিরামিক খাতকে উৎসাহিত করতেও প্রণোদনা দিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে বলা হয়, চলতি অর্থবছরে সিরামিক খাতে সব মিলিয়ে ৯৮ শতাংশ শুল্ক-কর দিতে হলেও আগামী অর্থবছরে দিতে হবে ৫৯ শতাংশ। এ খাত থেকে সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের ওপর থেকেও শুল্ক-করহার কমানো হয়েছে। আগে এ খাতে ৫৯ শতাংশ শুল্ক-কর দিতে হলেও আগামী অর্থবছর দিতে হবে ২৯ শতাংশ। এ খাত থেকেও সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এদিকে, ধান ও চালের কুঁড়া থেকে কোলেস্টরেলমুক্ত ভোজ্যতেল (রাইন ব্রান অয়েল) উৎপাদনের জন্য প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এ খাতের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য এলাকাভেদে পাঁচ ও সাত বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়া হবে।