জাহাজ নির্মাণ শিল্প বিকাশে যথাযথ নীতি সমর্থনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ নীতি সমর্থন ও পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অন্যতম জাহাজ নির্মাণকারী দেশে পরিণত হতে পারে। এ জন্য প্রয়োজন সরকারি-বেসরকারি অংশীদারি।দেশের জাহাজ নির্মাণ শিল্পের উদ্যোক্তারা এই অভিমত ব্যক্ত করেছেন। তাঁদের এই অভিমতকে সমর্থন দিয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, জাহাজ নির্মাণ শিল্পখাত থেকে মাত্র ১০ বছরের ব্যবধানে এক হাজার কোটি ডলার রপ্তানি করা সম্ভব। বর্তমান সরকার পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দিতে আগ্রহী।গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল মাল্টি-ইন্ডাস্ট্রিয়াল ট্রেড শো’ শীর্ষক তিন দিনব্যাপী এক মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ শিপবিল্ডার্স অ্যাসোসিয়েশন এবং এক্সপো-নেট এক্সিবিশন যৌথভাবে এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে।বাংলাদেশ শিপবিল্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এইচ মাহমুদ উর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং ইয়াংই, মালয়েশিয়ার রাষ্ট্রদূত জেট মির্জাল জাইনুদ্দিন, ডেনমার্কের রাষ্ট্রদূত সেভেন্ড অলিং, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. সাইফুল ইসলাম, আইডিসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসলাম শরীফ, জার্মান টেকনিক্যাল কো-অপারেশনের উপদেষ্টা প্রকৌশলী দিলদার আহমেদ তৌফিক প্রমুখ বক্তব্য দেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, মহাজোট সরকার দেশি-বিদেশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় কারিগরি ও অবকাঠামোগত সহায়তা দিয়ে শিল্পায়নের পথ সুগম করেছে। জাতীয় শিল্পনীতি-২০১০-এ জাহাজ নির্মাণ শিল্পখাতকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। মো. সাইফুল ইসলাম বলেন, জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের সামনে বিশ্ববাজারে নেতৃত্ব দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এ শিল্পের দ্রুত বিকাশের স্বার্থে পশ্চাদমুখী সংযোগ শিল্প স্থাপন করা প্রয়োজন।অনুষ্ঠানে বক্তারা জাহাজ নির্মাণ শিল্প খাতে বাংলাদেশের ঐতিহাসিক অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, এ শিল্পখাতে অনেক বিদেশি উদ্যোক্তা ইতিমধ্যে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছেন। তাঁরা উদ্যোক্তাদের জন্য জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত সুবিধা এবং পশ্চাদমুখী সংযোগ শিল্প গড়ে তোলার পরামর্শ দেন। তাঁরা জাহাজ নির্মাণ শিল্পে মূল্য সংযোজনের জন্য নিজস্ব স্টিল, ক্যাবলস, পেইন্ট, ফার্নিচার এবং বাথরুম ফিটিংস এর ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।্রউল্লেখ্য, তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক বহুমাত্রিক শিল্প প্রদর্শনীতে একই সঙ্গে জাহাজ নির্মাণ ও নৌ-স্থাপত্য, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের যন্ত্রাংশ এবং সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। এতে মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ডেনমার্ক, ভারত ও বাংলাদেশের ৩৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।