জাহাজ নির্মাণ শিল্পে ২০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল
জাহাজ নির্মাণ শিল্পকে উত্সাহিত করতে বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।এই তহবিল থেকে রপ্তানিমুখী জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানকে জাহাজ রপ্তানির প্রয়োজনীয় চলতি মূলধনের জোগানের বিপরীতে পুনঃ অর্থায়ন সুবিধা দেওয়া হবে।এ জন্য বাণিজ্যিক ব্যাংকের প্রদত্ত ঋণের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এই তহবিল থেকে পুনঃ অর্থায়ন করা যাবে। এ ক্ষেত্রে ব্যাংক হারে অর্থাত্ পাঁচ শতাংশ হারে এই পুনঃ অর্থায়নের অর্থ ব্যাংকগুলো নিতে পারবে। আর গ্রাহককে সর্বোচ্চ ১০ শতাংশ হারে ঋণ দেওয়া হবে।এ ছাড়া রপ্তানিমুখী নতুন জাহাজ শিল্প প্রতিষ্ঠার জন্য ব্যাংক প্রদত্ত ঋণের বিপরীতে আলোচ্য পুনঃ অর্থায়ন সুবিধা সম্প্রসারণ করার কথাও ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে আগের মতো মোট ঋণের সর্বোচ্চ ৫০ শতাংশ এবং সর্বোচ্চ ১০ শতাংশ হারে সুদ দিয়ে পুনঃ অর্থায়ন করা যেতে পারে।তবে নতুন শিল্প প্রতিষ্ঠা যেহেতু একটি দীর্ঘমেয়াদি প্রকল্প ও আর্থিক সংশ্লিষ্টতার পরিমাণ অনেক বেশি, তাই পুনঃ অর্থায়নকৃত অর্থ আদায়ে ছয় থেকে আট বছর সময় লেগে যেতে পারে। এই অবস্থায় তহবিল প্রাপ্তিসাপেক্ষে ‘কেস টু কেস’ ভিত্তিতে অর্থাত্ প্রতিটি আবেদন স্বতন্ত্রভাবে রপ্তানিমুখী নতুন জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠায় পুনঃ অর্থায়ন বিবেচনা করা যেতে পারে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।