জাহাজ নির্মাণশিল্প খাত বড় ধরনের সুবিধা পেল
আমদানি শুল্ক ও মূসক দুই ক্ষেত্রেই এবারও বড় ধরনের সহায়তা পেয়েছে জাহাজ নির্মাণশিল্প খাত। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে এ খাতে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, দেশে জাহাজ নির্মাণ খাতের প্রসার ঘটছে। দেশের তৈরি জাহাজ এখন বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সে কারণে জাহাজ নির্মাণ খাতের প্রয়োজনীয় যন্ত্রপাতি এখন ৫ শতাংশ শুল্কে আমদানি হচ্ছে। আগামী বাজেটে আরও কিছু যন্ত্রপাতি আমদানিতে এ সুবিধা রাখা হয়েছে। এগুলো হলো অ্যাংকর চেইন, লাইফ বোট, রাফটস এবং নেভিগেশন লাইটস।
দেশে এখন পাঁচ হাজার ডেডওয়েট টনেজ (কোনো জাহাজ যে নির্দিষ্ট পরিমাণ ওজন বহন করতে সক্ষম) ধারণক্ষমতার জাহাজ তৈরি হয়। কিন্তু বর্তমানে তিন হাজার ডেডওয়েট টনেজ ধারণক্ষমতার বেশি জাহাজের ক্ষেত্রেই আমদানি পর্যায়ে কোনো ধরনের আমদানি ও সম্পূরক শুল্ক কিংবা মূসক আরোপ করা নেই। ফলে স্থানীয় শিল্পের উদ্যোক্তারা অসম প্রতিযোগিতার মুখে পড়েছে।
সে কারণে দেশীয় জাহাজশিল্পের বিকাশে এবার পাঁচ হাজার ডেডওয়েট টনেজ ধারণক্ষমতার বেশি জাহাজ আমদানিতেই কেবল এ শুল্ক সুবিধা রাখা হয়েছে।
আবার পাঁচ হাজার ডেডওয়েট টনেজ ধারণক্ষমতার বেশি সমুদ্রগামী জাহাজের আমদানি ও স্থানীয় পর্যায়ে উৎপাদন দুই পর্যায়েই মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে।
চলতি ২০১২-১৩ অর্থবছরেও জাহাজ নির্মাণ খাতকে বড় ধরনের সহায়তা দেওয়া হয়। বর্তমানে তিন হাজার ডেডওয়েট টনেজ ধারণক্ষমতার বেশি সমুদ্রগামী জাহাজের আমদানি পর্যায়ে মূসক অব্যাহতি রয়েছে।
এদিকে বর্তমানে ডাম্প ট্রাক আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা রয়েছে। এ শুল্ক হার কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।