জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহ চেক ব্যবসায়ীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের জাহাজ নির্মাণ ও জাহাজ পুনরুৎপাদন শিল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চেক প্রজাতন্ত্রের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তাঁরা এ দেশে জ্বালানি, ইস্পাত, অবকাঠামো, তেল-গ্যাস-কয়লা উত্তোলন, তেলজাত রাসায়নিক (পেট্রো-কেমিক্যাল), ইউরিয়া সার উৎপাদন শিল্পে বিশ্বমানের প্রযুক্তি সরবরাহের প্রস্তাবও দিয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত চেক রাষ্ট্রদূত মিলোস্লাভ স্টেসেকের নেতৃত্বে ১২ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল গতকাল বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করে এ আগ্রহের কথা জানান। মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
চেক রাষ্ট্রদূত বলেন, টানা ৬ শতাংশের বেশি ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশকে বৈদেশিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ দেশে পরিণত করেছে।