জাহাজ নির্মাণশিল্পের পৃথক কাউন্সিল গঠনের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উদীয়মান জাহাজ নির্মাণশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশ ‘শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি বিজনেস প্রমোশন কাউন্সিল’ গঠনের পরামর্শ দিয়েছেন এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা। গতকাল মঙ্গলবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘জাহাজ নির্মাণশিল্পের আইনি প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে স্বচ্ছতার সঙ্গে এ শিল্পের উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা অন্যান্য রপ্তানিমুখী পণ্যের মতো জাহাজ নির্মাণশিল্পে শতভাগ কর অবকাশ সুবিধা প্রদানের দাবি জানান।রাজধানীর স্থানীয় একটি হোটেলে আইবিএফবির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক নৌপরিবহন-সচিব সোহেল আহাম্মেদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংসদ হাফিজ আহাম্মেদ মজুমদার ও মো. ফজলুল আজিম, নৌপরিবহন-সচিব আবদুল মান্নান হাওলাদার, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশেল, আইবিএফবির সহসভাপতি এ টি এম সাইদুল আলম, ওয়েস্টান মেরিনের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইবিএফবির নির্বাহী পরিচালক এ এফ এম মতিউর রহমান।Êপ্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ ও জাহাজভাঙা শিল্প নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। আগামী দুই মাসের মধ্যেই শিল্প মন্ত্রণালয় জাহাজ নির্মাণ ও জাহাজভাঙা নীতিমালা চূড়ান্ত করবে। পরিবেশবান্ধব ও টেকসই জাহাজ নির্মাণ ও জাহাজভাঙা শিল্পের বিকাশের জন্য এ নীতিমালা তৈরি করা হচ্ছে। বাংলাদেশ শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি বিজনেস প্রমোশন কাউন্সিল গঠনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে তিনি উল্লেখ করেন। আইবিএফবির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, জাহাজ তৈরি শিল্প একটা সম্ভাবনাময় শিল্প। যাতে বহু নতুন কর্মসংস্থান হবে, সরকারের উচিত ‘শিল্প প্রমোশন কাউন্সিল’ গঠন করে এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়া। জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশেল বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জাহাজ নির্মাণশিল্পে জার্মানি ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক আছে। তিনি বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ তৈরি করে ইউরোপের বাজারে রপ্তানিকে স্বাগত জানান। নৌসচিব বলেন, সরকার শিগগিরই চারটি মেরিন একাডেমি স্থাপন করবে, যা দেশের জাহাজ নির্মাণশিল্প উন্নয়নের জন্য সহায়তা করবে।