জাহাজ নির্মাণে নগদ সহায়তা দ্বিগুণ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ নির্মাণশিল্পে নগদ সহায়তা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে জাহাজ নির্মাণশিল্পে ৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হচ্ছে। এখন এ সহায়তার পরিমাণ বাড়িয়ে ১০ শতাংশ করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সচিবালয়ে সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই জাহাজ নির্মাণশিল্পে নগদ সহায়তা বৃদ্ধির সিদ্ধান্তটি নেওয়া হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও উপস্থিত ছিলেন। 

বর্তমানে ২৬টি রপ্তানি পণ্যে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হচ্ছে। নতুন করে জাহাজ নির্মাণশিল্পসহ চামড়াজাত পণ্য, আলু, হাড়ের গুঁড়া, পাটজাত পণ্য ইত্যাদি পণ্যে নগদ সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

জানতে চাইলে গতকাল সোমবার অর্থসচিব মাহবুব আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জাহাজ নির্মাণশিল্পসহ কয়েকটি রপ্তানি পণ্যে নগদ সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কাজ চলছে।’