জাহাজ নির্মাণশিল্পে বাংলাদেশে যৌথ বিনিয়োগ করতে নেদারল্যান্ডের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে স্বল্পোন্নত (এলডিসি) দেশ হিসেবে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে বাড়তি সুবিধা পাবে নেদারল্যান্ড।গতকাল রোববার সচিবালয়ে ১৫টি দক্ষ এবং অভিজ্ঞতাসম্পন্ন কোম্পানির সমন্বয়ে গঠিত নেদারল্যান্ডের সামুদ্রিক বাণিজ্য মিশন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা জানান।এ সময় বাংলাদেশ-ডাচ্ চেম্বার অব কমার্সের (বিডিসিসি) একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। মিশনটির নেতৃত্ব দেন বিডিসিসি সভাপতি ফ্রেড ওলডেনহুইজিং।বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ জাহাজ নির্মাণশিল্পে বিপুল সম্ভাবনাময়। এ দেশের দক্ষ শ্রমশক্তি এই শিল্পকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। জাহাজ নির্মাণ খাতের পাশাপাশি নদী খনন এবং ড্রেজার নির্মাণশিল্পে বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।বিডিসিসি সভাপতি ফ্রেড ওলডেনহুইজিং জানান, সঠিক পদক্ষেপ নিয়ে এগোতে পারলে সামুদ্রিক বাণিজ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী বাজারে পরিণত হবে বাংলাদেশ।সূত্র জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ-চট্টগ্রামের বিভিন্ন শিপইয়ার্ড ও ডকইয়ার্ড পরিদর্শন, বিনিয়োগ বোর্ড ও বিভিন্ন চেম্বারের সঙ্গে সামুদ্রিক মিশনটির বৈঠক করার কথা রয়েছে। ৮ অক্টোবর মিশনটি ঢাকা ত্যাগ করবে। মিশনটিকে বাংলাদেশ সফরে সহযোগিতা করছে বিডিসিসি এবং বাংলাদেশের নেদারল্যান্ড দূতাবাস।