জাহাজ, পণ্যের এজেন্ট নিয়ন্ত্রণ করবে নৌযান মালিক সমিতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশ নৌ-প্রটোকল চুক্তির আওতায় নৌযান চলাচলের জন্য দুই দেশের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। তবে এখন বেসরকারি জাহাজ মালিকদের একটি সংগঠন থেকে ছাড়পত্র ছাড়া এই অনুমতি মিলছে না। কোনো লিখিত নির্দেশনা না থাকলেও এই সংস্থার ছাড় পত্র ছাড়া অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কোনো অনুমোদন দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
আবার ‘বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন-বিসিভিওএ’ নামের সংগঠনটি এখন ছাড়পত্রের পাশাপাশি পণ্য পরিবহনের প্রতিনিধি ঠিক করার প্রক্রিয়াও চূড়ান্ত করতে যাচ্ছে। অর্থাৎ নৌ-প্রটোকলের আওতায় জাহাজ চলাচল এবং পণ্যের সরবরাহ প্রক্রিয়া সবকিছুই চলবে এই সংস্থার নির্দেশে।
এমন নিয়ন্ত্রণের কারণে দুই দেশের নৌ-প্রটোকলের আওতায় যে বাণিজ্য হচ্ছে, তাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা আছে বলে মনে করেন শিল্পমালিকেরা। সরকারি সংস্থার বাইরে বেসরকারি সংস্থার কাছে দুই দেশের পণ্য পরিবহনের নিয়ন্ত্রণ চলে যাওয়া নিয়ে প্রশ্নও তৈরি হয়েছে।
জানতে চাইলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামছুদ্দোহা খন্দকার গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘ভারত যাত্রার জন্য নৌযানের অনুমতি বিআইডব্লিউটিএ থেকে দেওয়া হয়। বিসিভিওএর কাছ থেকে ছাড়পত্রের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে জাহাজ মালিকদের পক্ষ সমঝোতার মাধ্যমে এটি করছে বলে মনে হয়। এর পরও ছাড়পত্র বা পণ্যের এজেন্ট নিয়োগের মতো বিষয়গুলো নিয়ে অভিযোগ করলে দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।’
জানা গেছে, বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল চুক্তির আওতায় কলকাতা ও আশপাশের বন্দর থেকে বছরে প্রায় ১৫ লাখ টন পণ্য আমদানি হয়। এর মধ্যে সিংহভাগই সিমেন্ট শিল্পের কাঁচামাল ‘ফ্লাই অ্যাশ’। এই পথে বর্তমানে ৮০টি প্রটোকল অপারেটরের লাইসেন্স সক্রিয় আছে। এসব অপারেটরের কম-বেশি ৩০০ জাহাজ চলাচল করে। এর মধ্যে বিসিভিওএ সংগঠনের সদস্য নয়, এমন জাহাজও এ রুটে চলাচল করছে। তবে এসব জাহাজ চলাচলের ছাড়পত্রও দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে সিমেন্ট প্রস্তুতকারক সমিতির সভাপতি মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, নৌ-প্রটোকলের ভারত বা বাংলাদেশ অংশে কোথাও উল্লেখ নেই তৃতীয় পক্ষ থেকে অনুমতি নেওয়ার। আবার শিল্পমালিকদের মতামত ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কারখানার পণ্য সরবরাহের প্রক্রিয়া যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি একটি সংগঠনের কাছে পণ্য পরিবহনের নিয়ন্ত্রণ চলে যাবে। এতে দুই দেশের বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।
জানা গেছে, ছাড়পত্রের পাশাপাশি সংগঠনটি এখন নতুন করে এই রুটে ভারত থেকে আনা সব পণ্যের এজেন্ট নিয়োগ করার প্রক্রিয়া শুরু করেছে। গত ১৩ মার্চ এক চিঠিতে সংগঠনটি সব অপারেটরকে লিখিতভাবে জানায়, নিবন্ধনপ্রাপ্ত অপারেটরদের থেকে পণ্যের এজেন্ট হওয়ার জন্য লিখিতভাবে আবেদন করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক গাজী বেলায়েত হোসেনের সই করা চিঠি দেন।
প্রতিটি পদক্ষেপে নানাভাবে চাঁদা আদায়ের সিদ্ধান্তও নিয়েছে সংগঠনটি। যেমন, প্রতিটি জাহাজে একবার ভারত যাত্রার জন্য এক হাজার টাকা, পণ্যের এজেন্ট হিসেবে প্রতি টনে ৭৫ সেন্ট কমিশন ইত্যাদি আদায় করবে সংগঠনটি।
বিষয়টি স্বীকার করে সংগঠনের সাধারণ সম্পাদক গাজী বেলায়েত হোসেন গত সোমবার প্রথম আলোকে বলেন, এই রুটে চলাচলরত জাহাজের যে কোনো দুর্ঘটনার জন্য দায়দায়িত্ব পড়বে সমিতির ওপর। এ কারণে ছাড়পত্র নেওয়ার নিয়ম করা হয়েছে। জাহাজ মালিকেরা যাতে পণ্যের ভাড়া পাওয়ার নিশ্চয়তা পান, সে জন্য এজেন্ট নিয়োগ দেওয়া হচ্ছে। জাহাজ চলাচলের ছাড়পত্র ও পণ্যের এজেন্ট নিয়োগের বিষয়টি সমিতির নিয়ন্ত্রণে থাকলে কারও ক্ষতি হওয়ার কথা নয় বলে মন্তব্য করেন তিনি।