জাহাজ পরিচালনা বিরোধে পণ্য খালাস বিলম্বিত
জাহাজ পরিচালনাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এখন ১০ লাখ ৩০ হাজার টন পণ্য নিয়ে ২১টি বড় ও ২৬১টি ছোট জাহাজে ভাসছে।সাধারণ জাহাজমালিকেরা নদীপথে পণ্য পরিবহন বন্ধ করায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। তাঁরা বিভিন্ন শিল্প গ্রুপের নিজস্ব জাহাজে পণ্য পরিবহনের প্রতিবাদে এই কর্মসূচি দেন। কিন্তু এ জন্য মাশুল গুনতে হচ্ছে সাধারণ আমদানিকারকদের।জাহাজমালিকদের দুটি সংগঠনের আওতায় থাকা জাহাজমালিকেরা গত শুক্রবার রাতে ঢাকার একটি কমিউনিটি সেন্টারে বৈঠক করে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।তবে জাহাজমালিকদের সংগঠন কোস্টাল ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী বেলায়েত হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, সংগঠনের ব্যানার থেকে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। সাধারণ জাহাজমালিকেরা লোকসান দিয়ে জাহাজ পরিচালনা করতে চাইছেন না। এ কারণে তাঁরা পণ্য পরিবহন বন্ধ রেখেছেন।গতকাল শনিবার পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, বন্দরের বহির্নোঙরে ২১টি বড় জাহাজে এখন সাত লাখ ৫১ হাজার ৯৮ টন এবং ছোট আকারের ২৬১টি জাহাজে দুই লাখ ৭৯ হাজার ৮০০ টন পণ্য রয়েছে। অর্থাৎ এখনো ছোট-বড় জাহাজে পড়ে আছে ১০ লাখ ৩০ হাজার টন পণ্য।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রমিকদের কর্মবিরতি কিংবা সাধারণ জাহাজে পণ্য পরিবহন বন্ধের নেপথ্যে আছে জাহাজ পরিচালনা নিয়ে বিরোধ। বিভিন্ন শিল্প গ্রুপের ১৩০টি জাহাজ অভ্যন্তরীণ নদীপথে নিজেদের পণ্য পরিবহন করায় ক্ষুব্ধ ছিল জাহাজমালিকদের দুটি সংগঠন। শিল্প গ্রুপের এসব জাহাজকে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের মতো ভিন্ন একটি সংস্থার আওতায় পরিচালনার দাবি জানিয়ে আসছিল সংগঠন দুটি। কিন্তু শিল্প গ্রুপগুলো নিজেদের কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে সরাসরি নিজস্ব জাহাজে ও তত্ত্বাবধানে পণ্য পরিবহন থেকে পিছপা হয়নি। এদিকে গত বৃহস্পতিবার রাতে নৌ-যানশ্রমিকেরা তাঁদের কর্মসূচি আংশিক প্রত্যাহার করেন। যেসব জাহাজমালিক বর্ধিত বেতন-ভাতা কার্যকর করেছেন তাঁদের জাহাজেই কেবল কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। বিভিন্ন শিল্প গ্রুপের মালিকানাধীন জাহাজগুলো শ্রমিকদের বর্ধিত বেতন-ভাতা কার্যকর করেছে। সে অনুযায়ী শিল্প গ্রুপগুলোর মালিকানাধীন ১৩০টি ছোট জাহাজ এখন পণ্য পরিবহন করছে। কিন্তু এতে বন্দরের বহির্নোঙরে পণ্যজট দ্রুত কমানো সম্ভব নয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। কারণ, যেসব আমদানিকারকের নিজস্ব ছোট জাহাজ নেই, তাঁদের পণ্য আটকে আছে।