জাহাজনির্মাণ শিল্পের বিকাশে প্রণোদনা চাইলেন উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পাঁচ বছরের মধ্যে জাহাজনির্মাণ খাতে বাংলাদেশের রপ্তানি আয় ২০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। আর সরকারের নীতি-সহায়তা পেলে সম্ভাবনাময় এ শিল্প খাত থেকে একপর্যায়ে দুই হাজার কোটি ডলার আয় করা সম্ভব। ‘জাহাজ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সমস্যা ও সমাধান’ শীর্ষক সেমিনারে সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তারা এসব কথা বলেন। শিল্পটির বিকাশে তাঁরা সরকারের কাছে রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম ১০ শতাংশ নগদ প্রণোদনা প্রদানেরও দাবি করেন।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার সেমিনারটির আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। উদ্যোক্তারা আরও বলেন, জাহাজনির্মাণ-শিল্প বিকাশের জন্য দেশে প্রয়োজনীয় জনবল ও বিশ্বমানের কারিগরি দক্ষতা রয়েছে। এ জন্য অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে এই শিল্প মূল্য-সাশ্রয়ী হবে। এ ছাড়া জাহাজনির্মাণ-শিল্প অচিরেই প্রশিক্ষিত জনবল রপ্তানির ক্ষেত্রে আবির্ভূত হবে বাংলাদেশ। উদ্যোক্তারা শিল্পটির দ্রুত বিকাশে কম সুদে ঋণ প্রদান, রপ্তানি প্রণোদনা বৃদ্ধি এবং পুঁজি সহজলভ্য করার দাবি জানান।দিলীপ বড়ুয়া বলেন, ‘জাহাজনির্মাণ-শিল্পের বিশাল সম্ভাবনা বিবেচনা করে সরকার জাতীয় শিল্পনীতিতে একে ‘থ্রাস্ট সেক্টর’ হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে শিল্পটির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের নীতি ও অবকাঠামো সুবিধা দেওয়া হচ্ছে।’ পরিবেশবান্ধব জাহাজনির্মাণ-শিল্প খাত গড়ে তুলতে নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি। জি এম কাদের বলেন, বিশ্বে প্রায় তিন হাজার কোটি ডলারের বাজার থাকলেও এ খাতে বাংলাদেশের রপ্তানি সামান্য। সম্প্রতি দেশে এ খাতের পুনর্জাগরণের ফলে রপ্তানি বাজারে দেশের অবস্থান শক্তিশালী করার সুযোগ এসেছে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘জাহাজনির্মাণ-শিল্পের মাধ্যমে পশ্চাদমুখী সংযোগ শিল্পসহ দেশের অন্যান্য শিল্প খাত গতি পাচ্ছে।’ উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী এ খাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, অবকাঠামো ও প্রযুক্তিগত সহায়তা দিতে সরকার আগ্রহী বলে জানান তিনি। বাণিজ্যসচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহেল বারী, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।