শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, দেশে দ্রুত ও টেকসই শিল্পায়নের জন্য জাহাজভাঙা শিল্প অপরিহার্য। শিল্পায়নের স্বার্থেই সরকার পরিবেশবান্ধব জাহাজভাঙা শিল্প গড়ে তুলবে।গতকাল বৃহস্পতিবার ‘শিল্প উন্নয়ন এবং পরিবেশের মধ্যে সুষমকরণ: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং পেট্রোনাস কমিউনিকেশন লিমিটেড যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম। এতে অন্যান্যের মধ্যে বুয়েটের সাবেক ভিসি এ এম এ সফিউল্লাহ, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন, পরিচালক আবদুল হক, সাবেক পরিচালক এ এস এম কামাল উদ্দিন, বিসিআইয়ের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, পেট্রোনাস কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান কাজী ওয়ালিউল এহসান আলোচনায় অংশ নেন। সেমিনারে বক্তারা বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য পরিবেশবান্ধব শিল্পখাত বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পরিবেশদূষণের অজুহাতে শিল্পকারখানা বন্ধ করে দেওয়া কোনো সমস্যার বাস্তবসম্মত সমাধান নয়। তাঁরা বাংলাদেশের শিল্পখাতে জাহাজভাঙা শিল্পের গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করে দ্রুত এ শিল্প চালুর পরামর্শ দেন। এ শিল্পখাত বেশি দিন বন্ধ থাকলে দেশের হালকা প্রকৌশলশিল্প পঙ্গু হয়ে যাবে।