জাহাজভাঙা এবং জাহাজ রিসাইক্লিং বিষয়ে সমন্বিত নীতিমালা প্রণয়নের জন্য শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। জাহাজভাঙা শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন সরকারি সংস্থাসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে এ কমিটি দ্রুততম সময়ের মধ্যে পরিবেশবান্ধব জাহাজভাঙা ও জাহাজ রিসাইক্লিং নীতিমালা প্রণয়ন করবে। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল সোমবার বিকেলে এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে সভাপতিত্ব করেন।সভায় শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, পরিবেশ, বাণিজ্য, নৌপরিবহন, পানিসম্পদ ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক, পরিবেশ অধিদপ্তর, ট্যারিফ কমিশন, অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং চট্টগ্রাম ড্রাইডকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় জাহাজভাঙা-বিষয়ক জাতীয় কমিটিকে সহায়তার জন্য শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কারিগরি কমিটি গঠন করা হয়। এ ছাড়া সভায় দেশের উদীয়মান জাহাজভাঙা শিল্পের টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব জাহাজ রিসাইক্লিংয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনাকালে ভারত, চীন ও শ্রীলঙ্কায় বিদ্যমান পরিবেশবান্ধব জাহাজভাঙা শিল্পের অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়। পরে মন্ত্রী জাহাজভাঙা ও জাহাজ রিসাইক্লিং বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় এফবিসিসিআই, শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফাউন্ড্রি অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।