জাহাজভাঙা শিল্পের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজভাঙা শিল্পকে শতভাগ ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর উল্লেখ করে খাতটির নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক।

বন্দরনগরী চট্টগ্রামের একটি হোটেলে দুই দিনব্যাপী ‘নিরাপদ ও টেকসই জাহাজভাঙা শিল্পে হংকং কনভেনশন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের সমাপনী অধিবেশনে গতকাল মঙ্গলবার এ কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজসহ (বিলস) কয়েকটি বেসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে সেমিনারটি আয়োজিত হয়েছে।

সেমিনারে জাহাজভাঙা শিল্পে শ্রমিক সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের কথা শুনে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, নিবন্ধন ছাড়া কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না। অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে শিল্পমালিকেরা শ্রমিক নিতে পারবেন না। এসব বিষয় তদারকির জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

প্রয়োজন হলে অনিবন্ধিত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অধিদপ্তরকে মামলা করার নির্দেশ দেন শ্রম প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সেমিনারের সমাপনী অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভূঁইয়া, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, মেটাল ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের সহসভাপতি ভি ভি রানে, পরিচালক কান মুতসুযাকি ও আঞ্চলিক সচিব অপুর্ভা কায়ওয়ার, শ্রমিকনেতা নাজিম উদ্দিন, তপন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।