জাহাজভাঙা শিল্পের নীতিমালা আগামী মাসেই চূড়ান্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, আগামী মাসেই জাহাজভাঙা শিল্পের জন্য নীতিমালা চূড়ান্ত করা হবে। পরিবেশবান্ধব জাহাজভাঙা ও পুনর্ব্যবহার (রিসাইক্লিং) শিল্প গড়ে তোলার লক্ষ্যে এ নীতিমালায় সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তাদের সামাজিক দায়বদ্ধতাসহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা থাকবে। এ নীতিমালা প্রণয়নে চীনসহ প্রতিবেশী দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে।গতকাল শনিবার রাজধানীর বুয়েট মিলনায়তনে আয়োজিত ‘জাহাজ পুনর্ব্যবহার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। আনন্দ শিপ ইয়ার্ড লিমিটেডের সহায়তায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেক অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ এ সেমিনারের আয়োজন করে।বুয়েট নেভাল আর্কিটেক অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এম মাসুদ করিমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনন্দ শিপ ইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহিল বারি। এতে বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম, সহ-উপাচার্য এম হাবিবুর রহমান, যন্ত্রকৌশল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক এম সাদিকুল বারি বক্তব্য দেন বলে শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, পরিবেশবান্ধব ও বিজ্ঞানভিত্তিক জাহাজ পুনর্ব্যবহার শিল্প গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। জাতীয় অর্থনীতিতে এ শিল্পের গুরুত্ব উপলব্ধি করে সরকার জাতীয় শিল্পনীতি-২০১০-এ এ শিল্পকে অগ্রাধিকার শিল্প খাত হিসেবে চিহ্নিত করেছে। জাহাজ নির্মাণ, ভাঙা ও পুনর্ব্যবহারের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটিয়ে দেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।সেমিনারে বক্তারা বলেন, পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার (রিসাইক্লিং) শিল্পের জন্য সরকারি উদ্যোগে অবকাঠামো গড়ে তুলতে হবে। তাঁরা বলেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনসহ এশিয়া অঞ্চলে পৃথিবীর ৮০ শতাংশ পুরোনো জাহাজ ভাঙা হচ্ছে। এর ফলে ক্ষেত্রবিশেষে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। বাংলাদেশে পরিবেশবান্ধব জাহাজ ভাঙা ও পুনর্ব্যবহার শিল্পের জন্য তাঁরা উন্নত প্রযুক্তি হস্তান্তরের পরামর্শ দেন।