জাহাজমালিকেরা ভাড়া বাড়িয়ে দিতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: সমুদ্রপথে সারা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ পরিবহন করা হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। হরতালে বন্দর দিয়ে জাহাজে পণ্য পরিবহনে কী প্রভাব পড়ে? কামাল হায়াত: হরতালে কারখানা থেকে রপ্তানি পণ্য বেসরকারি ডিপোতে নেওয়া যাচ্ছে না। একইভাবে কনটেইনারে বোঝাই করে বেসরকারি ডিপো থেকে বন্দরে অবস্থানরত জাহাজে তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। আবার আমদানীকৃত কাঁচামাল জাহাজ থেকে জেটিতে নামানো গেলেও ব্যবসায়ীদের গুদাম বা কারখানায় নেওয়া যাচ্ছে না। চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে ব্যাঘাতের এমন চিত্র দেখে সারা দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতির মুখে পড়ার চিত্র বোঝা যায়। প্রথম আলো: পণ্য পরিবহনে ব্যাঘাতের কারণে ব্যবসায়ীরা কীভাবে চাপের মুখে পড়েছেন?কামাল হায়াত: বন্দর দিয়ে কনটেইনারে সবচেয়ে বেশি রপ্তানি পণ্য পরিবহন করা হয় পোশাকশিল্পের। পোশাকশিল্প-মালিকেরা যখন আমাদের হাতে পণ্য তুলে দেন, তখন এই পণ্য কনটেইনারে ভরে ঠিক সময়ে জাহাজীকরণ নিয়ে দুশ্চিন্তা বেশি থাকে জাহাজ কোম্পানি ও কনটেইনারের মালিকপক্ষের। কারণ, বন্দরে নির্ধারিত জাহাজে কনটেইনার তুলে দিতে না পারলে বা এসব জাহাজ নির্ধারিত সময়ে বন্দর ছাড়তে না পারলে সিঙ্গাপুর-মালয়েশিয়া-শ্রীলঙ্কার বন্দরে অবস্থানরত বড় জাহাজে কনটেইনার তুলে দেওয়া সম্ভব হয় না। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বড় জাহাজগুলো ওই সব দেশ থেকে বিশ্বের নানা দেশে পণ্য নিয়ে যায়। নির্ধারিত সময়ে বড় জাহাজে কনটেইনার তুলে দিতে না পারলে ন্যূনতম এক সপ্তাহ পিছিয়ে যেতে হয়। বিদেশি ক্রেতারা নির্ধারিত সময়ে পণ্য না পেলে ক্রয়াদেশ বাতিল করেন। প্রথম আলো: নানা সীমাবদ্ধতার পরও সারা দেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বেড়েছে। রাজনৈতিক অস্থিরতায় কি তা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? কামাল হায়াত: বন্দর ব্যবহারকারী হিসেবে আমরা সব সময় বন্দরের দক্ষতা ও ক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে আসছি। হরতাল-অস্থিরতায় বন্দরের সফলতা এখন চুপসে যাচ্ছে। কারণ, বিদেশিদের কাছে যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে, সেটি ভালো নয়। এখনো সময় আছে। ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে না পারলে যে ধাক্কা লাগবে, সেটি সামাল দেওয়া কঠিন হবে।প্রথম আলো: হরতালে জাহাজ পরিচালনাকারীদের ক্ষতি কীভাবে হচ্ছে?কামাল হায়াত: পণ্যবাহী জাহাজ অতিরিক্ত এক দিন অবস্থানের জন্য জাহাজের ধরনভেদে ১০ থেকে ২৫ হাজার ডলার বেশি ভাড়া গুনতে হচ্ছে। বন্দরে প্রতিদিন ৩০-৪০টি পণ্যবাহী জাহাজ থাকে। ফলে এক দিন যদি এসব জাহাজের বাড়তি অবস্থান করতে হয়, তাহলে ন্যূনতম সাড়ে চার লাখ ডলার ক্ষতির মুখে পড়েন জাহাজমালিকেরা।প্রথম আলো: ছয়-সাত বছর আগে রাজনৈতিক সহিংসতা ও শ্রমিক অসন্তোষে বন্দরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় জাহাজ কোম্পানিগুলো বাড়তি মাশুল আরোপ করেছিল। এবার সে রকম কোনো আশঙ্কা আছে? কামাল হায়াত: রাজনৈতিক অস্থিরতার কারণে যাঁরা এই বন্দরে পণ্যবাহী জাহাজ ও কনটেইনার পাঠান, তাঁরা এখন উদ্বিগ্ন। কারণ, হরতালে পণ্যবাহী জাহাজের বেশি সময় অবস্থান করতে হয় বন্দরে। এতে জাহাজের পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে। এই পরিচালন ব্যয় জাহাজমালিকরা নিজেদের পকেট থেকে দেবেন না, সেটা ধরে নেওয়া যায়। টানা হরতালের এ অবস্থা চলতে থাকলে বাড়তি ব্যয় পুষিয়ে নিতে ভাড়া বাড়িয়ে দিতে পারেন জাহাজমালিকেরা। প্রথম আলো: এই অস্থিরতার প্রকৃত ভুক্তভোগী হচ্ছেন কারা?কামাল হায়াত: পণ্য পরিবহনে খরচ বাড়লে প্রথমে ব্যবসায়ীরা এই বাড়তি ভাড়া পরিশোধ করেন। তবে এটি পণ্য পরিবহনের খরচের সঙ্গে যুক্ত করে ভোক্তা-ক্রেতাদের কাছ থেকেই আদায় করেন। হরতাল-অস্থিরতা—সবকিছুর জন্য শেষ পর্যন্ত সাধারণ জনগণই বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রথম আলো: পণ্য পরিবহনের ভাড়া আগের চেয়ে তুলনামূলকভাবে কম। আন্তর্জাতিক বাজারে পণ্যের দামও স্থিতিশীল। আমরা এ সুযোগ কীভাবে কাজে লাগাতে পারি?কামাল হায়াত: দেশে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের প্রায় পুরোটাই বিদেশি জাহাজে পরিবহন করা হয়। মন্দার কারণে ভাড়া কম হওয়ায় আমাদের হাতে কম ভাড়ায় পণ্য পরিবহনের সুযোগ ছিল। তবে হরতালের কারণে এ সুযোগ হাতছাড়া করতে যাচ্ছি। একবার হাতছাড়া হলে সেটি ফিরিয়ে আনা কঠিন হবে।