জি-২০ আলোচনায় আসছে 'ইনক্লুসিভ গ্রোথ': আইএমএফ প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে জি-২০ সম্মেলনে সামুদয়িক প্রবৃদ্ধি বা ‘ইনক্লুসিভ গ্রোথ’ নিয়ে আলোচনা করা উচিত বলে মনে করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্দে।

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে আইএমএফ প্রধান বলেন, এবারের জি-২০ সম্মেলন হবে সুবিন্যস্ত ও সুশৃঙ্খল। গত সম্মেলনগুলোতে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেসব ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে। এবারে বিশ্ব অর্থনীতির সব অংশীদারের জন্য সমান সুবিধা নিশ্চিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি নিয়ে আলোচনার সময় এসেছে।

আগামী মাসে চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। এতে অংশ নেবেন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রী ও গভর্নররা। এবারের সম্মেলনের বিষয়বস্তু থাকছে ইনক্লুসিভ গ্রোথ নিয়ে।

ক্রিস্টিন লাগার্দে বলেন, ছয় বছর ধরে শক্তিশালী, টেকসই ও সুষম প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে জি-২০ সম্মেলনে। এবার চীনের আয়োজনে চতুর্থ যে বিষয়টি আনা যায়, তা হলো ‘ইনক্লুসিভ’। তিনি বলেন, ‘এটি একটি সাধারণ শব্দ। তবে এ শব্দটি দিয়ে আমরা বলতে পারি, অর্থনীতিতে অংশ নেওয়া সবাই উপকৃত হচ্ছেন। বড় বড় প্রতিষ্ঠানই শুধু নয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও অর্থায়নের সুযোগ পাচ্ছেন।’

সাক্ষাৎকারে বিশ্বায়নের পক্ষে লাগার্দে বলেন, ‘বিশ্বায়নের উপকার হয়তো কেউ কেউ পাচ্ছে না, তাই বলে বিশ্বায়নের ভালো দিকগুলো আমরা ফেলে দিতে পারি না।’