জি-২০ জোটের কাছে আইসিসি পরামর্শক গ্রুপের সুপারিশ
অর্থ ও বাণিজ্য ডেস্কজি-২০ জোটের নেতাদের কাছে বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ক্ষেত্রে বেসরকারি খাতের স্বার্থকে যথাযথ গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে জি-২০ পরামর্শক গ্রুপ। এই সপ্তাহে মেক্সিকো শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আইসিসি জি-২০ পরামর্শক গ্রুপের এক সভায় এসব সুপারিশ করা হয়। জি-২০ জোটের সম্মেলন সামনে রেখে সারা বিশ্ব থেকে আগত বিভিন্ন চেম্বার অব কমার্সের নেতারা ও ছোট-বড় কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে পরামর্শ করার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় জি-২০ সম্মেলনে পেশ করার জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের দাবিগুলো সন্নিবেশিত করা হয়।জি-২০ জোটের সম্মেলনটি চলতি বছরের ৩ ও ৪ নভেম্বরে ফ্রান্সের কেইনসে অনুষ্ঠিত হবে।সভায় অন্যান্যের মধ্যে মেক্সিকোর পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি মারিয়া ডি লওরডেস অরন্দ বেজৌরি, আইসিসির ভাইস চেয়ারম্যান হ্যারল্ড ম্যাকগ্রো তৃতীয় উপস্থিত ছিলেন। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসি একটি চলমান সরকারি-বেসরকারি অংশীদারি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে, যাতে বিশ্ব অর্থনীতিকে যেসব কোম্পানি চালাচ্ছে তাদের ইনপুট ও অগ্রাধিকারের বিষয় সরকারি সিদ্ধান্তসমূহে ভালোভাবে প্রতিফলিত হয়।