জি-২০ জোটের সংরক্ষণবাদী মনোভাবে আইসিসির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি-২০ জোটের সদস্য দেশগুলোর বাণিজ্য সংরক্ষণবাদী মনোভাবে উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)।প্যারিসভিত্তিক এই আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, বিশ্ব অর্থনৈতিক সংকট নিরাময়ে বাণিজ্য অপরিহার্য ভূমিকা পালন করে। অথচ টরন্টোতে জি-২০ সম্মেলনের বাণিজ্য অর্থায়ন ও দোহা বাণিজ্য আলোচনা উপেক্ষিত হওয়ায় আইসিসি হতাশ।আইসিসি আরও বলেছে, সংরক্ষণনীতি পরিহার করার জন্য জি-২০ দেশগুলো বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা সেভাবে অনুসৃত হয়নি।আইসিসি রিসার্চ ফাউন্ডেশনের পক্ষে ওয়াশিংটনভিত্তিক পিটারসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ইকোনমিকস মন্দার সময় সংরক্ষণ বিষয়ে যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এ বিষয়টি উঠে এসেছে। পিটারসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো গ্যারি সি হাফবাউয় গতকাল হংকংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড বিজনেস সম্মেলনে এ প্রতিবেদনের প্রাপ্ত তথ্যাদি উপস্থাপন করেন।এতে বলা হয়েছে, জি-২০ জোটভুক্ত দেশগুলো গত দুই বছরেও সংরক্ষণ নীতি কার্যকর রেখেছে। সংরক্ষণ বাণিজ্য ব্যবস্থার পরিণতিতে চাকরি সংরক্ষণে উল্টো ফল হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।২০০৮-০৯ সময়কালে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, আর্জেন্টিনা ও ব্রাজিল সবচেয়ে সংরক্ষণবাদী দেশ হিসেবে এই প্রতিবেদনে চিহ্নিত হয়েছে। আর সবচেয়ে কম সংরক্ষণবাদী দেশগুলো হলো মেক্সিকো, তুরস্ক, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরব।প্রতিবেদনে জি-২০ নেতাদের প্রতি দোহা রাউন্ড বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ, ডব্লিউটিও বিরোধ নিষ্পত্তিকরণ পদ্ধতি ত্বরান্বিতকরণ, নিয়মিত জি-২০ জোটের বাণিজ্যমন্ত্রীদের সভা করা এবং নতুন সংরক্ষণ ব্যবস্থা বাস্তবায়নকারী দেশগুলোকে চিহ্নিত করে তা প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে। এ জন্য একটি জি-২০ আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ দল নিয়োগেরও সুপারিশ করা হয়। আইসিসির চেয়ারম্যান ভিক্টর কে ফুং বলেন, ‘এই প্রতিবেদনের সিদ্ধান্তগুলো সংরক্ষণের বিপদ সম্পর্কে একটি সতর্কতা।’