জিএমজির বহরে যুক্ত হলো তৃতীয় বোয়িং ৭৬৭
দেশের বেসরকারি খাতের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইনস সম্প্রতি তৃতীয় বোয়িং ৭৬৭-৩০০ এয়ারক্রাফট গ্রহণ করেছে, যা বাংলাদেশে এস২-এএফএক্স হিসেবে তালিকাভুক্ত হয়েছে।জিএমজির বহরে তৃতীয় এই বোয়িং যুক্ত হওয়ার ফলে দুবাইয়ে ফ্লাইট বৃদ্ধিসহ আসন্ন মৌসুমে হজযাত্রীদের আরও ভালো সেবা দিতে পারবে। জিএমজির সার্বিক ৭৬৭ পরিচালনায় বিশ্বস্ততা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে কোম্পানির উন্নয়নে সহায়তা করবে।এক সংবাদ বিবৃতিতে জিএমজি এয়ারলাইনসের প্রধান নির্বাহী সঞ্জীব কাপুর বলেন, ১৯৯৮ সালে জিএমজি প্রতিষ্ঠার পর থেকে এয়ারলাইনসটির কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠাকে সম্মান প্রদর্শনের জন্য তৃতীয় বোয়িং ৭৬৭-এর নামকরণ করা হয়েছে ‘দ্য স্পিরিট অব দ্য জিএমজি ফ্যামিলি’। উল্লেখ্য, বেক্সিমকোর মালিকানাধীন কোম্পানি জিএমজি এয়ারলাইনস ১৯৯৮ সালের ৬ এপ্রিল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করলেও ২০০৪ সালে চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিমান আকাশে চলাচল শুরু হয় জিএমজির। বিজ্ঞপ্তি।