জিএসএমএর চেয়ারম্যান সুনীল মিত্তাল

মুঠোফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতী এয়ারটেলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল। তিনি ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত দুই বছর এ দায়িত্ব পালন করবেন।
ভারতী এয়ারটেলের মালিকানাধীন প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলে, প্রথম ভারতীয় হিসেবে সুনীল মিত্তাল জিএসএমএর চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন।
সুনীল মিত্তাল বলেন, ‘মুঠোফোন অপেক্ষাকৃত অল্প সময়ে সারা বিশ্বের মানুষ, শিল্প, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও সমাজের ওপর একটি সুদূরপ্রসারী পরিবর্তন এনেছে। বিশ্বব্যাপী মানুষের জীবনমানের উন্নয়নে মুঠোফোনের এই ভূমিকাকে আরও এগিয়ে নেওয়াই আমার মূল চ্যালেঞ্জ।’
জিএসএমএ ছাড়াও সুনীল মিত্তাল বর্তমানে ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) চেয়ারম্যান। এ ছাড়া তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নসহ বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
বিশ্বের ৮০০ মুঠোফোন অপারেটরের প্রতিনিধিত্বকারী সংগঠন হলো জিএসএমএ।