জিএসপি অব্যাহত রাখতে শ্রম আইন সংশোধন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম আইন শিগগিরই সংশোধন করা হচ্ছে। শ্রমিক স্বার্থ সংরক্ষণ এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত সুবিধা (জিএসপি) নিয়ে সমস্যার সমাধান এর লক্ষ্য। পোশাক শিল্পবিষয়ক মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠকে গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জানিয়েছেন।গতকাল সচিবালয়ে বৈঠকের পর বস্ত্র ও পাটমন্ত্রী সাংবাদিকদের জানান, দীর্ঘদিনের ঝুলে থাকা শ্রম আইন সংশোধনের প্রস্তাব ২২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে তোলা হচ্ছে। তিনি আরও জানান, মন্ত্রিসভা কমিটি হরতাল ও রাজনৈতিক সমস্যায় রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য পরিবহনে ‘নিশ্ছিদ্র’ নিরাপত্তা নিশ্চিত করারও সিদ্ধান্ত নিয়েছে।তবে শ্রম আইনে কী ধরনের সংশোধনী আনা হচ্ছে জানতে চাইলে কিছু বলতে রাজি হননি লতিফ সিদ্দিকী। কর্মপরিবেশ, শ্রমিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে অভিযোগের কারণে বাংলাদেশের জিএসপি-সুবিধা বাতিলের জন্য মার্কিন সরকারের ওপর সে দেশের শ্রমিক সংগঠন ও মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক চাপ রয়েছে। বাংলাদেশের জিএসপি ভাগ্য নির্ধারণের লক্ষ্যে গত ২৮ মার্চ মার্কিন বাণিজ্য দপ্তরের (্ইউএসটিআর) উপকমিটিতে শুনানি অনুষ্ঠিত হয়েছে।শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে প্রায় চার ঘণ্টা ধরে চলা এ বৈঠকে পোশাকশিল্পের নিরাপত্তা, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, মজুরি বাড়ানোসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন বস্ত্র ও পাটমন্ত্রী।যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের জিএসপি-সুবিধা নিয়ে সম্প্রতি সৃষ্ট অনিশ্চয়তার কথা উল্লেখ করে লতিফ সিদ্দিকী বলেন, ‘জিএসপি নিয়ে যে সমস্যা হয়েছে, তার সফলভাবে সমাধান করা হবে।’তবে মন্ত্রী এ ব্যাপারে বিশদ আর কিছু বলেননি।লতিফ সিদ্দিকী জানান, হরতালের সময় পোশাকশিল্পের পণ্য পরিবহনে ‘নিশ্ছিদ্র’ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘জনগণ হিংসাত্মক হরতালের পক্ষে নয়। এ জন্য জনগণের সহযোগিতাও প্রয়োজন।’সাম্প্রতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই আহত হচ্ছেন। এ অবস্থায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হলেও তাঁদের নিরাপত্তা কে দেবে, এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নিরাপত্তা বাহিনী পারে না তা নয়, বরং তারা সংযত আচরণ করছে।’