জিএসপি না পেলে টিকফা অর্থহীন হবে: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) না পেলে টিকফা অর্থহীন হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া জিএসপি কর্মপরিকল্পনার সব শর্তই পূরণ হয়েছে। জিএসপি স্থগিতাদেশ ফিরে না পাওয়ার আর কোনো কারণ নেই।
সচিবালয়ে গতকাল বুধবার বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এদোয়ার্দো দঁ লেগলেতিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব শওকত আলী ওয়ারেছী, অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু এ সময় উপস্থিত ছিলেন।
২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের পর জুনে বাংলাদেশের জন্য জিএসপি স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র। এরপরই ১৬ দফা কর্মপরিকল্পনা দেয়। আর নভেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই হয়, যা প্রায় এক যুগ ধরে আলোচনা হচ্ছিল।
টিকফা সইয়ের পর গত বছরের এপ্রিলে উভয় দেশের প্রথম বৈঠক হয়। আর ২৩-২৪ নভেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বৈঠক। বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। বৈঠকের পর সচিবের সঙ্গে যে আলাপ হয়েছে, তার ভিত্তিতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বলে জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে বাংলাদেশের জিএসপি কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এবার তারা বলেনি যে এটা হয়নি, ওটা হয়নি। তারাও (যুক্তরাষ্ট্র) আশা করে যে বাংলাদেশ জিএসপি ফিরে পাবে। যদিও তারা প্রকাশ্যে কিছু বলেনি। তিনি বলেন, জিএসপি না পেলে টিকফা অর্থহীন হবে। তবে একটি প্রক্রিয়ার মধ্যে মার্কিন কংগ্রেস থেকে তা পাস হয়ে আসবে।
টিকফা বৈঠকে জিএসপির পাশাপাশি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) এবং যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তোফায়েল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশ টিপিপি চুক্তি করেছে। মন্ত্রী বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মকানুন লঙ্ঘন করে এটি হয়েছে। দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। চুক্তির শর্ত অনুযায়ী দেশগুলো পরস্পরের মধ্যে শুল্কমুক্ত বাজার পাওয়ার কথা।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরাও টিপিপিতে অন্তর্ভুক্ত হতে চাই। যদিও টিপিপির সদস্য অধিকাংশ দেশেই আমরা শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকি। আমি অবশ্য মনে করি না যে টিপিপির কারণে আমাদের খুব অসুবিধা হবে।’ ভয় শুধু ভিয়েতনামকে নিয়ে বলে উল্লেখ করেন মন্ত্রী।
টিপিপিতে অন্তর্ভুক্ত হতে চাইলে কিছু শর্ত পূরণের ব্যাপার আছে, বাংলাদেশের কি এখনই সে সক্ষমতা আছে—এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘অবশ্যই আছে। আমরা প্রস্তুত। ভিয়েতনাম থাকতে পারলে আমরা কেন পারব না।’ তবে মন্ত্রী এ-ও মনে করেন, টিপিপি বাস্তবায়ন এখনো অনেক দূরের পথ।
স্পেনের সঙ্গে বাণিজ্য প্রসঙ্গ: বাণিজ্যমন্ত্রী বলেন, একক দেশ হিসেবে স্পেন বাংলাদেশের রপ্তানির চতুর্থ বড় বাজার। তিনি আশাবাদী যে দেশটিতে রপ্তানি এ বছর ২০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। ২০১৪-১৫ অর্থবছরে স্পেনে রপ্তানি হয়েছে ১৭৫ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য। একই সময়ে দেশটি থেকে আমদানি হয়েছে ১৩ কোটি ডলারের পণ্য।
বর্তমানে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) স্পেনের দুটি কোম্পানির বিনিয়োগ রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ ও লাভজনক স্থান।
ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী স্পেনিশ ভাষায় প্রকাশ করার আগ্রহ দেখিয়েছেন বলে জানান তোফায়েল আহমেদ।