জিএসপি না পেলেও পোশাক রপ্তানি বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের দেওয়া ১৬টি শর্তের অধিকাংশই পূরণ করেছি। এরপরও পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা পাইনি। জিএসপি সুবিধা না পাওয়া সত্ত্বেও আগের চেয়ে পোশাক রপ্তানি বেড়েছে। এ বছর এটা ছয় বিলিয়ন ডলারের কম হবে না।’

আজ শনিবার বেলা দুইটার দিকে ঢাকার ধামরাইয়ের বালিথা এলাকায় একটি পোশাক তৈরি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টস ট্র্যাজেডির পর তৈরি পোশাক খাতে যে ক্ষত তৈরি হয়েছে তা থেকে ঘুরে দাঁড়াতে সরকার সাত বছর মেয়াদি বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছে। এই কর্মসূচি অনুযায়ী তৈরি পোশাকসহ অন্যান্য দ্রব্য রপ্তানি আগের চেয়ে বাড়বে।
বাণিজ্যমন্ত্রী পরিবেশবান্ধব ওভেন শার্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান একেএইচ ইকো অ্যাপারেলস লিমিটেডের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি পরিবেশবান্ধব কারখানা। নতুন এই কারখানার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, মোট জায়গার ৬০ শতাংশই ফাঁকা রাখা হয়েছে প্রকৃতি ও সবুজের জন্য। এই প্রতিষ্ঠানে সর্বোচ্চ কম কার্বন নিষ্কাশন হবে। এতে স্বয়ংক্রিয় ধোঁয়া নিষ্কাশন ও বৈদ্যুতিক ব্যবস্থা রাখা হয়েছে। কারখানাটিতে বিল্ডিং কোড মেনে শক্ত অবকাঠামো নির্মাণ করা হয়েছে।