জিএসপি পুনর্বহালের আহ্বান ডিসিসিআইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পুনর্বহালের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায় ডিসিসিআই।
ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব বশির হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের নেওয়া জিএসপি প্রত্যাহারের সাময়িক সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ডিসিসিআই মনে করে, বাংলাদেশ সরকার কারখানার কর্মপরিবেশ উন্নয়নে দৃশ্যমান ও ইতিবাচক পদক্ষেপ নিতে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রমিক অধিকার রক্ষায় বিদ্যমান শ্রম আইন ২০০৬-এর সংশোধন; কারখানার শ্রমিকদের মজুরি নির্ধারণে কমিশন গঠন; ঝুঁকিপূর্ণ কারখানা ও ভবন চিহ্নিতকরণসহ ব্যবস্থা গ্রহণ প্রভৃতি।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন টিকফা চুক্তি স্বাক্ষরের জন্য ইতিবাচক অগ্রগতি হয়েছে, ঠিক তখন এ ধরনের সিদ্ধান্ত দেশের রপ্তানি খাত তথা অর্থনীতিতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। 

ডিসিসিআই বিশ্বাস করে, বাংলাদেশ সরকার ও বেসরকারি খাত একযোগে কাজ করলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারসুবিধা পুনর্বহালের এখনো যথেষ্ট সম্ভাবনা রয়েছে।