জিএসপি প্রত্যাহারের হুমকি অত্যন্ত অন্যায়: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহিত
মুহিত

বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) প্রত্যাহারের হুমকিকে ‘অত্যন্ত অন্যায়’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সচিবালয়ে গতকাল শনিবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) এক প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।অর্থমন্ত্রী বলেন, ৩০ বছর আগে ভাড়াবাড়ি থেকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প খাতের যাত্রা শুরু। বর্তমানে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। তিলে তিলে একটি ভালো অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। তুলা, সুতা এখনো আমদানি করতে হলেও ভালো মানের পণ্য তৈরি হয় এখানে।অর্থমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘৩০ বছরে কয়টি দুর্ঘটনা ঘটেছে? কয়টি কারখানায় আগুন লেগেছে?’ দুই প্রশ্নের নিজেই জবাব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘হ্যাঁ, দুইটা ঘটনা পর পর হয়ে গেছে। তাজরীন গার্মেন্টসে আগুন লাগার পর সাভারে রানা প্লাজার ধস। এর আগে তেজগাঁওয়ে আরেকটি পোশাক কারখানা ভবনেরও ধস হয়েছিল। তবে সাভারের ঘটনার আগেই তৈরি পোশাকশিল্পের সার্বিক দিক খতিয়ে দেখতে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।’অর্থমন্ত্রী জানান, সাভার ট্র্যাজেডির পরও আরেকটি কমিটি করা হয়। এই কমিটি তিন মাসের মধ্যে তৈরি পোশাকশিল্পের সমস্যা চিহ্নিত করে সুপারিশ-সংবলিত প্রতিবেদন দেবে। এই কমিটিতে সরকারের প্রতিনিধিরা পুরো সময় কাজ করবেন। এ সময়ে তাঁরা অন্য কিছু করবেন না। এত কিছু করার পরও জিএসপি-সুবিধা বাতিলের হুমকি ‘অত্যন্ত অন্যায়’ বলে মনে করেন তিনি।অর্থমন্ত্রী বলেন, ‘যতই ভালো করুক না কেন, বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ (এলডিসি)। তার পরও তারা বাংলাদেশকে সুবিধা দিতে চায় না। তাদের যুক্তি কী? যুক্তি হলো, বাংলাদেশকে সুবিধা দিলে অন্য এলডিসিরা মরে যাবে।’ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্র ১ শতাংশের কম হারে শুল্ক নিলেও বাংলাদেশ থেকে নেয় কয়েক গুণ বেশি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এই বৈষম্য পুরোপুরিভাবে অযৌক্তিক, অসংগত ও অন্যায্য—এ জাতীয় যত বিশেষণ দেওয়া যায়, সব খাটে এ ক্ষেত্রে।’উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের জন্য গড়ে ১৫ শতাংশ হারে শুল্ক প্রদান করেছে। একই সময়ে ফ্রান্স থেকে আমদানি করা পণ্যের বিপরীতে যুক্তরাষ্ট্র গড়ে দশমিক ৯০ শতাংশ হারে শুল্ক আদায় করেছে।আইবিএফবির একটি প্রতিনিধিদল শিগগির যুক্তরাষ্ট্র সফরে যাবে। অর্থমন্ত্রী যেসব কথা বললেন, সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে এগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফোরামে তুলে ধরার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের জিএসপি-সুবিধা অব্যাহত থাকা না-থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) বর্তমানে পর্যালোচনা করছে। জুনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে জানা গেছে।আইবিএফবির বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জানান, আয়করকমানো হবে না। তবে প্রাতিষ্ঠানিক আয়কর কমানোর দরকার থাকলেও এবার তা কমানো হবে না। আগামী জুলাই থেকে পিএসআই প্রথা থাকবে না বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।এদিকে, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের নেতৃত্বাধীন একটি দল গতকাল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে।চলতি অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও ছাড় হয়েছে মাত্র ২০ কোটি টাকা। মূলত এ বিষয়টিই অর্থমন্ত্রীর কাছে তুলে ধরে এফবিসিসিআই।বৈঠক শেষে এফবিসিসিআইয়ের সভাপতি সাংবাদিকদের জানান, ‘অর্থমন্ত্রী বলেছেন, প্রকল্প জমা দিতে না পারার কারণে অর্থ ছাড় হয়নি। তিনি আশ্বাস দিয়েছেন যে বাকি ৮০ কোটি টাকা ছাড় হবে আগামী ২০১৩-১৪ অর্থবছরে।