বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশাবাদী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সে ক্ষেত্রে ইইউভুক্ত দেশগুলোতে ‘জিএসপি প্লাস’ ব্যবস্থার আওতায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেতে এখন থেকেই উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করে এসব কথা বলেছেন। রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে গতকাল রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়।
প্রসঙ্গত, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাজারসুবিধা নীতির আলোকে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) ইইউতে পণ্য রপ্তানির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাজার (জিএসপি) সুবিধা পায়। তবে এই জিএসপিটি হলো অস্ত্র বাদে সব (ইবিএ) পণ্যে শুল্কমুক্ত বাজারসুবিধা। বর্তমানে শুধু এলডিসিগুলো এ সুবিধা পায়।
তবে এলডিসির কাতার থেকে বেরিয়ে গেলে বাংলাদেশ আর এ সুবিধা পাবে না। সে ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর জন্য ‘জিএসপি প্লাস’ হিসেবে পরিচিত যে বাজারসুবিধা আছে, সেটি বাংলাদেশের জন্য প্রযোজ্য হতে পারে। টেকসই উন্নয়ন ও সুশাসনের জন্য সহায়তা হিসেবে উন্নয়নশীল দেশগুলোকে জিএসপি প্লাস সুবিধা প্রদান করা হয়, যা ইবিএর মতো সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় না। বর্তমানে পাকিস্তানসহ ২৫টি উন্নয়নশীল দেশ এ সুবিধা পায়।
ইইউর রাষ্ট্রদূত বলেন, তৈরি পোশাক কারখানায় কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশ ইতিমধ্যে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। তবে পোশাকশিল্পের পাশাপাশি বাংলাদেশকে অন্যান্য শিল্প খাত বৈচিত্র্যকরণ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের শিল্প খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ইইউ সাত বছর মেয়াদি একটি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করবে। এর আওতায় শিক্ষা, পুষ্টি, খাদ্যনিরাপত্তা, শিল্পদক্ষতা বাড়ানোসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ দেওয়া হবে।