জিএসপি প্লাস সুবিধা পেতে এখনই প্রস্তুতি নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যম আয়ের দেশে উন্নীত হলে বাংলাদেশ আর অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পাবে না। তখন পাবে জিএসপি প্লাস সুবিধা। ওই সুবিধা পেতে এখনই মাঠপর্যায় থেকে প্রস্তুতি নিতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির সদস্য সাজ্জাদ করিম এসব কথা বলেছেন। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে গতকাল শনিবার এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত এ সভায় পোশাকশিল্পের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ইইউর উদ্যোগে গঠিত ‘সাসটেইনেবল কমপ্যাক্ট’–এর আওতায় তৈরি কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন সাজ্জাদ করিম। এর অগ্রগতি দেখতেই বাংলাদেশ সফর করছেন তিনি।
সাজ্জাদ করিমের এটাই প্রথম বাংলাদেশ সফর। তিনি বলেন, সফর খুবই সফল হয়েছে। বাংলাদেশের সঙ্গে ইইউর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বিশাল জনগোষ্ঠী আছে। কঠোর পরিশ্রম তাদের নীতি। এ দেশে এসে সরাসরি তা দেখার সুযোগ হলো।
দেশের পোশাক খাতের অগ্রগতি নিয়ে অ্যাকর্ড ও অ্যালায়েন্স অসন্তোষ প্রকাশ করেছে। এ বিষয়ে ইইউ কী ভাবছে, এমন এক প্রশ্নের জবাবে ঢাকায় ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন বলেন, এখানে পেশাদার লোকজন কাজ করছেন। এই কাজে অর্থায়ন করছে আইএফসি। তাই তাঁরা যেসব বিষয়ের কথা বলেছেন সেগুলোর বাস্তবায়ন হওয়া প্রয়োজন।
ব্লগার নিলয় হত্যায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, এটি পরিষ্কার যে এই সহিংস ও আগ্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে স্বাধীন মতপ্রকাশের বিরুদ্ধে। এ হত্যায় ইইউ দুঃখপ্রকাশ করছে।
সভায় রানা প্লাজা-পরবর্তী দেশের পোশাক খাতের সংস্কার কার্যক্রম এবং ক্ষতিপূরণের বিস্তারিত বিবরণ তুলে ধরেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।
সভায় বিজিএমইএর তিন সহসভাপতি এস এম মান্নান কচি, শহিদুল্লাহ আজিম ও রিয়াজ বিন মাহমুদ, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।