জিএসপি ফিরে না পাওয়ায় বাণিজ্যমন্ত্রীর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বাজারে এখনো অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জিএসপি ফিরে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, রোজ কেয়ামত পর্যন্ত চেষ্টা চালালেও তাদের (যুক্তরাষ্ট্রের) শর্ত পূরণ করতে পারবে না বলে ধারণা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলের সঙ্গে সভা শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, জিএসপি ফিরে পেতে যা করণীয়, সবই করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পরিদর্শনের পর কিছু কারখানা ঝুঁকিপূর্ণ ছিল, সেগুলো বন্ধ করে দিয়েছি। এতে ৫০ হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রেতারা এখন সন্তোষ প্রকাশ করেছে, কোনো কারখানাই ঝুঁকিপূর্ণ নয়। রানা প্লাজা ধসের পর প্রায় তিন বছর চলে গেছে। এর মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেনি।’
তোফায়েল আহমেদ জানান, কারখানাগুলো রি-মডেল করা হচ্ছে। এ ছাড়া অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা, স্ট্রাকচারাল ইনটিগ্রিটি অব বিল্ডিং—সবই আধুনিক হচ্ছে। যাঁরা ব্যবসা করেন, তাঁরা প্রচুর বিনিয়োগ করেছেন।
ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু।