
বেঁধে দেওয়া কর্মপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় বাংলাদেশের জন্য স্থগিত করা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা (জিএসপি) ফিরে পাওয়া এখনো অনিশ্চিত। আগামী জুন মাসে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।
অবশ্য কর্মপরিকল্পনার বেশির ভাগ শর্ত পূরণে সন্তোষ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর অর্থাৎ ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) কাছে তাদেরই দেওয়া ১৬ শর্ত পূরণের একটি অগ্রগতি চিত্র গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারের পক্ষে পাঠানো হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাকশ্রমিক নিহত হওয়ার পর বিশ্বব্যাপী নিন্দা-সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের জুনে জিএসপি স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। পরের মাস জুলাইয়ে তা পুনর্বহালে ১৬ শর্তসংবলিত একটি ‘বাংলাদেশ কর্মপরিকল্পনা’ বেঁধে দেয়। আর ১ সেপ্টেম্বর থেকে জিএসপি স্থগিত কার্যকর করা হয়।
সরকার অবশ্য যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া কর্মপরিকল্পনা বাস্তবায়নে কয়েক দফা সময় নিয়েছে এবং বেশ কিছু সাফল্যও দেখিয়েছে।
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী গতকাল সাংবাদিকদের জানান, ‘জিএসপি পুনর্বহালে যেসব শর্ত দেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতিসংক্রান্ত প্রতিবেদন আজ (মঙ্গলবার) ইউএসটিআরে পাঠানো হয়েছে। কিছু শর্ত পুরোপুরি পূরণে সময় লাগবে। তবে পূরণের প্রক্রিয়া চলমান।’
বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে ইপিজেড আইন সংশোধন, নতুন পোশাক কারখানা ভবন বিল্ডিং কোড অনুযায়ী তৈরির পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারে পদক্ষেপ নেওয়া এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে প্রয়োজনীয় পরিদর্শক নিয়োগের কাজ শুধু বাকি আছে কিছু। তবে এ শর্তগুলো পূরণের কাজও চলমান।
তোফায়েল আহমেদ বলেন, ‘২০০ পরিদর্শকের মধ্যে ৬৭ জন নিয়োগ দেওয়া হয়েছে। জুলাইয়ের মধ্যে বাকি নিয়োগও সম্পন্ন হবে। এ ছাড়া ভবিষ্যতে কারখানার জন্য ভবন তৈরি করতে গেলেই শতভাগ বিল্ডিং কোড মানতে হবে।’ অগ্নিনির্বাপক উপকরণ আমদানিতে শুল্কমুক্ত বা শুল্কহার কমানো হতে পারে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।
জিএসপি স্থগিতের বিষয়টি শুধু বাংলাদেশের জন্য ছিল না মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, ‘মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র প্রায় সব দেশের জিএসপি স্থগিত করে দেয়। দেশটি এখন নতুন করে যদি জিএসপি দেয়, বাংলাদেশও পাবে।’
তবে এ ক্ষেত্রে একটি শর্তের কথাও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ অবশ্যই জিএসপি পাবে, যদি এর মধ্যে কোনো রাজনীতি ঢুকে না পড়ে।’
যুক্তরাষ্ট্রের কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে কলকারখানা পরিদর্শনের জন্য পরিদর্শক নিয়োগ, শ্রমিকনেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, শ্রমিকনেতা আমিনুল হত্যাকাণ্ডের বিচার করা, পোশাক কারখানার জন্য তথ্যভান্ডার করা, বেসরকারি সংস্থা বিসিডব্লিউএস এবং সেফের নিবন্ধন ফিরিয়ে দেওয়া, ইপিজেড আইন সংশোধন, পোশাক কারখানা তৈরিতে বিল্ডিং কোড অনুসরণ, চিংড়ি খাতে শ্রমিকদের সংগঠনের অধিকার নিশ্চিত করা, শ্রম আইন অমান্যে অধিকতর শাস্তি নিশ্চিত করা ইত্যাদি।
বেশির ভাগ শর্ত পূরণ হওয়ার কথা জানিয়েই ইউএসটিআরে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমিনুল হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র দেওয়া হয়েছে। এটি এখন আইনের নিজস্ব গতিতে চলবে।’
সূত্র জানায়, ইউএসটিআরে পাঠানো প্রতিবেদনে ইপিজেড আইন বিষয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এ ব্যাপারে একটি কার্যদল গঠন করা হয়েছে। ইপিজেড আইন ও শ্রম আইনের মধ্যে সমন্বয় সাধনের কাজ করছে এ কার্যদল।
এ ছাড়া গত জানুয়ারি থেকেই সব ইপিজেডে শ্রমিকেরা অধিকার আদায়ের আন্দোলন করতে পারেন এবং শ্রমিকনেতা কল্পনা আক্তার ও বাবুল আক্তারের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র অনেক দেশের জন্যই জিএসপি স্থগিত করে রেখেছে। তবে আট মাসে যে অগ্রগতি হয়েছে আমাদের, যুক্তরাষ্ট্র এখন জিএসপি দেবে বলে আমরা আশা করতেই পারি।’
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির ১ শতাংশের কম পণ্য জিএসপি-সুবিধা পেয়ে আসছিল। ২০১২ সালে জিএসপিভুক্ত পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছিল তিন কোটি ৪৬ লাখ ডলার। আর ২০১৩ সালে তা নেমে এসেছে দুই কোটি ১৫ লাখ ডলারে। অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় ৩৮ শতাংশ।
অ্যালায়েন্সের সঙ্গে বৈঠক: এদিকে পোশাক খাতের ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি বোর্ডের চেয়ারম্যান অ্যালেন ও’ তাউসেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল ঢাকায় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেছে। এ সময় বাণিজ্যসচিব মাহবুব আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশের পোশাক খাতে শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠায় সরকারের নেওয়া পদক্ষেপে ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর জোট অ্যালায়েন্স এবং যুক্তরাষ্ট্রের ক্রেতাপ্রতিষ্ঠানগুলো সন্তুষ্ট। এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে তারা।
বাণিজ্যমন্ত্রীর দাবি, পোশাক কারখানাগুলোতে আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে কাজের পরিবেশ ও নিরাপত্তা অনেক ভালো।