জিএসপি ফিরে পাওয়া নিয়ে আশাবাদী সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থগিত অগ্রাধিকার বাণিজ্য সুবিধা (জিএসপি) যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফিরে পাওয়ার ব্যাপারে সরকার খুবই আশাবাদী।
আগামী মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) একটি দল ঢাকায় আসছে এবং তারপর ঢাকার একটি দল যাবে যুক্তরাষ্ট্রে। সরকার আশা করছে, দুই দলের মধ্যে অনুষ্ঠেয় এই দুই দফা বৈঠকেই জিএসপি স্থগিতের বিষয়টি সুরাহা হয়ে যাবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো এমন আভাসই দিচ্ছে। তারা বলছে, যুক্তরাষ্ট্রের দেওয়া কর্মপরিকল্পনার ১৬ শর্তের প্রায় সবগুলোই পূরণ হয়েছে। শ্রম বিধিমালা জিএসপির সঙ্গে সম্পর্কিত নয়। তারপরও যুক্তরাষ্ট্র এতে জোর দিচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটিও হয়ে যাবে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘জিএসপি ফিরে না পাওয়ার কোনো কারণ নেই। শিগগিরই এর সুরাহা হয়ে যাবে। মনে হয়, যুক্তরাষ্ট্রও বুঝতে পেরেছে বিষয়টি আর স্থগিত রাখা ঠিক হচ্ছে না।’
রানা প্লাজা ধসের পর দুই বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র তাদের দেশে বাংলাদেশি পণ্য রপ্তানিতে জিএসপি স্থগিত করে রাখে। এরপরই দেশটি জিএসপি ফিরে পেতে বাংলাদেশকে ১৬টি শর্ত বেঁধে দেয়।
১৯৭৬ সালের ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে জিএসপি দিয়ে আসছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। জিএসপি পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে, কোনো দেশকে সাম্যবাদী (কমিউনিস্ট) হওয়া চলবে না। যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক বা করপোরেশনের কাছে কোনো দেশের কেউ দায়বদ্ধ থাকলে তা আগে পরিশোধ করতে হবে। শিশুশ্রমের দিক থেকে খারাপ অবস্থা থাকলে তা থেকে উত্তরণ ঘটাতে হবে।
রানা প্লাজা ধসকে কেন্দ্র করে ২০১৩ সালের জুনে বাংলাদেশের জিএসপি স্থগিতের পর একই বছরের শেষদিকে সব দেশের জন্যই জিএসপি কর্মসূচি স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র।
সম্প্রতি যুক্তরাষ্ট্র জিএসপি নিয়ে একটি গাইডবুক প্রকাশ করেছে। এতে বলা হয়, ১০৫টি দেশ ও ১৭টি অঞ্চলের জন্য গত জুনে নতুন করে জিএসপি কর্মসূচির প্রস্তাব পাস করে ওবামা প্রশাসন, যা জুলাই থেকে কার্যকর এবং বহাল থাকবে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
গাইডবুক বিশ্লেষণে দেখা যায়, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ সার্কভুক্ত সব দেশ তো বটেই, অনেক উন্নত দেশও জিএসপির আওতায় রয়েছে। যেমন তুরস্কের মাথাপিছু আয় ১০ হাজার ৫০০ ডলার, ইন্দোনেশিয়ার ৩ হাজার ৫১৬ ডলার, ইউক্রেনের ৩ হাজার ৮২ ডলার। তারা যুক্তরাষ্ট্রের জিএসপির আওতায়। এ ছাড়া থাইল্যান্ড, মিসর, মেসিডোনিয়া, ফিলিপাইন এবং কম্বোডিয়াও রয়েছে এ তালিকায়।
জিএসপি ফিরে পেতে গত বছর ইউএসটিআরে অনুষ্ঠিত এক দফা শুনানিতে অংশ নিয়েছে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত পূরণের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র সন্তুষ্ট না হয়ে এ ব্যাপারে আরও অগ্রগতি অর্জনের পরামর্শ দেয়। গত মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটও ওই অগ্রগতিরই পরামর্শ দেন।
বাংলাদেশ কেন বাদ—জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই তালিকায় আমাদের থাকার কথা নয়। কিছু শর্ত দিয়ে আমাদেরটি স্থগিত করা হয়েছিল। শর্ত পূরণে আমাদের অগ্রগতি যথেষ্ট। তাই ফিরে পাওয়ার আশা করতেই পারি।’
জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু ফাঁকিবাজিও আছে বলে মনে করেন তোফায়েল। তিনি বলেন, ‘মালদ্বীপ, ভুটানকে জিএসপি দেওয়া হয়েছে। বলুন, তারা কী পণ্য রপ্তানি করবে?’
উন্নত দেশের পাশাপাশি স্বল্পোন্নত দেশও (এলডিসি) যুক্তরাষ্ট্রের জিএসপির আওতায়, অথচ বাংলাদেশ এ সুবিধার বাইরে। অথচ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্যদেশগুলোর জন্য নিয়ম হচ্ছে, উন্নত কোনো দেশ সুবিধা দেওয়ার ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর প্রতি সমান নীতি বজায় রাখবে।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উপদেষ্টা মনজুর আহমেদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের জন্য জিএসপি স্থগিত করেছে, সেটাই ঠিক হয়নি। আর এখন যে আটকে রাখছে, তাও ন্যায্য হচ্ছে না। কারণ, জিএসপির সঙ্গে শ্রমমানের কোনো সম্পর্ক নেই।’
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা কাঠামো চুক্তির (টিকফা) আওতায় বৈঠক হবে বাংলাদেশের।
ইউএসটিআরের সঙ্গে অনুষ্ঠিত দুই দফা বৈঠকে জিএসপির সুরাহা না হলে বিষয়টি পরে টিকফার বৈঠকেও তোলা হবে বলে জানান বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।