জিএসপি ফিরে পেতে তিন শর্ত মানতে হবে
তৈরি পোশাকশিল্প নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের উদ্বেগ দূর করা এখন তিনটি বিষয়ের ওপর নির্ভর করছে। যেমন, শ্রম আইন সংশোধন করে এর কার্যকর প্রয়োগ, পোশাক কারখানার কর্মপরিবেশের মানের দৃশ্যমান উন্নতি এবং বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালু। এই তিন বিষয়ের ক্ষেত্রে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ যুক্তরাষ্ট্রে জিএসপি পুনর্বহালসহ ইউরোপে জিএসপি বাতিল হওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকবে বাংলাদেশ।
পররাষ্ট্র, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এ বিষয়গুলোর দ্রুত সুরাহা করা হলে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উন্নত কর্মসংস্থান কর্মসূচি (বেটার ওয়ার্ক প্রোগ্রাম) চালুর পথও সুগম হবে। এ কর্মসূচিটি চালু হলে শ্রমমানের উন্নতিতে তা সহায়ক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার ক্যারল দ্য গুশে গত রোববার এক বিবৃতিতে বাংলাদেশের শ্রমমানের উন্নতিতে পাশে থাকার আশ্বাস দেওয়াকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন তাঁরা। বাংলাদেশ মনে করে, এর মাধ্যমে ইইউ দেশগুলোতে আপাতত জিএসপি হারানোর ঝুঁকি নেই।
ঢাকার কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের শ্রমমান নিশ্চিত করতে ওই তিন শর্ত অপরিহার্য হলেও ঠিক কবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে আসবে, সেটি নিশ্চিত নয়। কারণ, গত ২৮ জুন স্থগিত হওয়া জিএসপি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। তবে এ সিদ্ধান্তটি মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রজ্ঞাপন আকারে প্রকাশের ৬০ দিন পর তা কার্যকর হবে। কাজেই এটি কার্যকরের সময় পর্যন্ত অপেক্ষার পাশাপাশি শ্রমমানের উন্নতির দৃশ্যমান পদক্ষেপ অব্যাহত রাখতে হবে। পরিস্থিতির উন্নতি না হলে জিএসপি ফিরে পেতে আগামী বছরের শুরুর আগে বাংলাদেশের আবেদন করার সুযোগ নেই। তাই খুব শিগগির বাংলাদেশের এ সুবিধা ফিরে পাওয়ার সম্ভাবনা নেই।
এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অন্য এক কর্মকর্তার মতে, মার্কিন বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে, শ্রমমান নিয়ে তাদের উদ্বেগ দূরের পর বাংলাদেশ জিএসপি ফিরে পেতে পারে। এ ক্ষেত্রে আগামী বছরের প্রথমার্ধে অর্থাৎ ২০১৪ সালের জুনের মধ্যে বাংলাদেশের জিএসপি নিয়ে ফের শুনানি হবে। এর মধ্যে ‘পরিস্থিতির সন্তোষজনক অগ্রগতি’ হলে তা বাংলাদেশের জন্য সুখবর বয়ে আনবে। তা না হলে এক বছর পর অর্থাৎ ২০১৫ সালে ফের শুনানি। ওই সময়ও অগ্রগতি না হলে, জিএসপি ফিরে পেতে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হবে।
তবে মার্কিন প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক মহলের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করছে, অনেক সময় পরিস্থিতির উন্নতি ঘটলে নির্ধারিত সময়ের আগেই শুনানির নজির রয়েছে। বিশেষ করে, যে বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে, তা দূর হলেই যুক্তরাষ্ট্রেরই কোনো মহল বাংলাদেশের বিষয়টিকে সদয় বিবেচনা করতে পারে।
জানতে চাইলে শ্রমসচিব মিকাইল শিপার গত রোববার প্রথম আলোকে বলেন, সরকার শ্রম আইন এমনভাবে সংশোধন করছে, যাতে এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক না হয়। তবে ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর ব্যাপারে সরকার এখনো নীতিগত কোনো সিদ্ধান্ত নেয়নি।
বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার প্রথম আলোকে বলেন, বাংলাদেশের জিএসপি স্থগিত হয়েছে, বাতিল হয়নি। তাই পরিস্থিতির উন্নতি ঘটাতে পারলে বাংলাদেশ জিএসপি ফিরে পেতে আবেদন জানাতে পারে। তবে এ জন্য শ্রমমানের দৃশ্যমান উন্নতি ঘটাতে হবে।
ওয়াশিংটন যা চাইতে পারে: ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, শ্রমমানের উন্নয়নের মাধ্যমে জিএসপি ফিরিয়ে দিতে সুনির্দিষ্ট কিছু বিষয়ে বাংলাদেশের কাছে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা চাইতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোন বিষয়গুলোর সুরাহা চায়, তা খুব শিগগির বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানাবে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের কাঙ্ক্ষিত বিষয়গুলোর মধ্যে রয়েছে শ্রম আইন এমনভাবে সংশোধন করতে হবে, যাতে করে সেটি শ্রমবিষয়ক আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক না হয়। এরপর এ আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। ট্রেড ইউনিয়নের নিবন্ধন ও যৌথ দর-কষাকষির প্রক্রিয়ায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে যাতে শ্রমিকেরা নিপীড়নের শিকার না হন, কিংবা চাকরি না হারান, সেটির নিশ্চয়তা প্রদান। অগ্নিকাণ্ড ও কাঠামোগত দিক থেকে ভবনের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে উন্নত কর্মপরিবেশের নিশ্চয়তা প্রদান। ট্রেড ইউনিয়নে যুক্ত হওয়ার ক্ষেত্রে ইপিজেড ও ইপিজেডের বাইরের কারখানার শ্রমিকদের মাঝে কোনো বৈষম্য না থাকা অর্থাৎ ইপিজেডের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা। যেসব শ্রমিকনেতাকে ভয়ভীতি দেখানো হয়েছে, খুন করা হয়েছে, তাঁদের বিষয়গুলো যথাযথভাবে সুরাহা করা এবং যেসব শ্রমিক অধিকার সংগঠনের নিবন্ধন বাতিল হয়েছে, তা পুনঃ নিবন্ধনের অনুমতি দেওয়া।
সমন্বয়হীনতা বড় বাধা: ঢাকার এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, জিএসপি স্থগিতের জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপের সুযোগ নেই। ২০০৭ সালে এএফএল-সিআইও জিএসপি বাতিলের আবেদন জানালেও ছয় বছর পর মার্কিন প্রশাসন ব্যবস্থা নিয়েছে। অথচ এর আগে দফায় দফায় মার্কিন প্রশাসন বাংলাদেশকে শ্রমমানের উন্নতির ব্যাপারে সতর্ক করে বার্তা দিয়ে আসছিল। কিন্তু সরকার বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। আর সরকারের এ ভূমিকার মধ্য দিয়ে শ্রমিক অধিকারের বিষয়টিতে একধরনের অস্বীকারের সংস্কৃতি প্রকটভাবে দেখতে পেয়েছে মার্কিন প্রশাসন। তা ছাড়া বিষয়টি সমাধানের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর যে ধরনের সমন্বয় দরকার, তার অভাব ছিল।
প্রাথমিক চিন্তা ছয় মাসের: ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে মার্কিন প্রশাসন ছয় মাসের জন্য বাংলাদেশের জিএসপি স্থগিতের কথা ভেবেছিল। কিন্তু বিদ্যমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের আগ্রাসী মনোভাব ভুল বার্তা দিয়েছে ওয়াশিংটনকে। এমনকি গত জুন মাসে ঢাকা সফরের সময় মার্কিন কংগ্রেস সদস্য জর্জ মিলারকে পরিস্থিতি সম্পর্কে যথাযথভাবে বোঝাতে সরকার ব্যর্থ হয়েছে। বরং উল্টো বৈঠকে সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে মিলারের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। আর ওয়াশিংটনে ফিরে মার্কিন কংগ্রেসের অন্য সদস্যদের কাছে জর্জ মিলার তুলে ধরেছেন, শ্রমমানের বিষয়টি এখানকার কর্তৃপক্ষ এড়িয়ে যাওয়ার মানসিকতা থেকে বিবেচনা করতে পছন্দ করে।