জিএসপি ফিরে পেতে শ্রমিক অধিকার বাড়াতে হবে
যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহাল চাইলে বাংলাদেশকে শ্রমিকের অধিকার এবং নিরাপত্তা বাড়াতে হবে বলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানিয়ে দিয়েছে। ২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসে হাজারেরও বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর পর জিএসপি সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দেয়। খবর বিবিসি বাংলা।
রানা প্লাজা ধসের পর এখন পর্যন্ত বাংলাদেশে দুহাজারেরও বেশি পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করা হয়েছে। বেশ কিছু কারখানা নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মার্কিন বাণিজ্য বিভাগ বলছে, জিএসপি পুনর্বহালের আগে আরো কয়েকশ কারখানায় নিরাপত্তা পরিদর্শন সম্পন্ন করতে হবে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোমানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি লিখছে, ‘অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক শ্রমিক এখনো নিগৃহীত হচ্ছেন, সহিংসতার শিকার হচ্ছেন। আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এসবের প্রতিকারে যেন তারা ব্যবস্থা নেন।’
পোশাক খাত জিএসপি সুবিধার আওতায় না থাকায় বিশেষ এই কর সুবিধা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে না।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির মাত্র এক শতাংশ জিএসপির আওতাভূক্ত। জিএসপি সুবিধা পায় এমন সব পণ্যের মধ্যে রয়েছে তামাকজাত দ্রব্য, প্ল্যাস্টিক, সিরামিকের তৈজসপত্র এবং খেলাধুলোর সামগ্রী।
কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের আশঙ্কা ইউরোপীয় ইউনিয়ন যদি যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে জিএসপি সুবিধা আটকে দেয়, তাহলে ইউরোপের বাজারে পোশাক রপ্তানি হুমকিতে পড়বে।