ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পেতে বাংলাদেশকে আরও কিছু পদক্ষেপ নিতে হবে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে গতকাল বুধবার সকালে আলোচনা শেষে মজীনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। তিনি এদিন সকালে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সচিবালয়ের দপ্তরে দেখা করেন।
আলোচনার পর জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী।’
ড্যান মজীনা সাংবাদিকদের জানান, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জিএসপি ছাড়াও বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বাংলাদেশের জিএসপি ফিরে পাওয়ার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে মজীনা বলেন, জিএসপি পুনর্বহালের জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ১৬ দফার কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। বাংলাদেশও কারখানার কর্মপরিবেশ উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাকি শর্তগুলো পূরণের জন্য বাংলাদেশকে আরও বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের জিএসপি পুনর্বহালের বিষয়টি আগামী মে মাসে ওয়াশিংটনে পর্যালোচনা করা হবে।
প্রসঙ্গত, তৈরি পোশাক কারখানায় কাজের পরিবেশ ও শ্রমিকের স্বার্থ সুরক্ষা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৭ জুন বাংলাদেশের জিএসপি স্থগিত করে ওবামা প্রশাসন। জিএসপি পুনর্বহালে মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তর গত বছরের ২০ জুলাই ১৬ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করে।
টিকফা প্রসঙ্গে মজীনা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এ চুক্তি করা হয়েছে। ৩০ জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে। টিকফার প্রথম বৈঠক আগামী ৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই পক্ষই জিএসপি, কারখানা ও কর্মপরিবেশের নিরাপত্তা, কারখানায় অগ্নিকাণ্ড প্রতিরোধ, শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকারসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।
তোফায়েল আহমেদ বলেন, আসন্ন টিকফার বৈঠকে বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পাওয়ার বিষয়টির ওপর বাংলাদেশ অগ্রাধিকার দেবে।
উল্লেখ্য, ডিসেম্বর মাসে বালিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে আগামী দুই বছরের মধ্যে স্বল্পোন্নত দেশগুলোকে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধা সম্প্রসারণের কথা বলা হয়েছে।
সংলাপে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ ছাড়াও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘নির্বাচনের পরদিন, অর্থাত্ ৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া বিবৃতির ব্যাপারে বাণিজ্যমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছি। রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছি।’
মজীনার সঙ্গে বৈঠকে সংলাপের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা সংলাপের বিরোধী নই। তবে বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোট যখন বর্তমান সরকারকে অবৈধ আখ্যায়িত করার চেষ্টা করে, তখন তো আর সংলাপের সুযোগ থাকে না।’
সংলাপের বিষয়ে বিদেশিদের পক্ষ থেকে কোনো চাপ আছে কি না, জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ওপর বিদেশি কোনো দেশের কোনো রকম চাপ নেই। বিভিন্ন দেশ এখন উপলব্ধি করতে পেরেছে, নির্বাচনের কোনো বিকল্প ছিল না। নির্বাচন সংবিধান অনুযায়ীই হয়েছে।
সংলাপ কবে হবে জানাতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘এটা বলা খুব মুশকিল।’