টিকফা কাউন্সিলের প্রথম বৈঠকে জিএসপি পুনর্বহালের পাশাপাশি যুক্তরাষ্ট্রে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়ার বিষয়টি গুরুত্ব দেবে বাংলাদেশ। এ ছাড়া মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যকে প্রতিযোগিতামূলক করতে বৈষম্যমূলক শুল্ক কমানোরও অনুরোধ জানানো হবে। আর অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা বা জিএসপি পুনর্বহালে বাংলাদেশের হালনাগাদ উদ্যোগ সম্পর্কে জানতে চাইবে যুক্তরাষ্ট্র।
আজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) বৈঠক। হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠকে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ। আর নয় সদস্যের যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইক ডিলানি। এটিই হবে টিকফার প্রথম বৈঠক।
এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যকে প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে বাংলাদেশের পোশাক জাহাজীকরণে বৈষম্যমূলক শুল্ক কমাতে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলকে অনুরোধ জানিয়েছেন। গতকাল রোববার সকালে মাইক ডিলানির নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ জানান।
টিকফার প্রথম বৈঠকে বাংলাদেশের অগ্রাধিকার সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের অবাধ বাজার-সুবিধা (জিএসপি) পুনর্বহাল, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধাসহ বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে।
মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্যালি ম্যাকার্থি গতকাল প্রথম আলোকে বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের দুই পক্ষের নির্ধারিত বিষয়গুলোর পর্যালোচনা হবে। অন্যান্য বিষয়ের মধ্যে জিএসপি পুনর্বহালের লক্ষ্যে কর্মপরিকল্পনায় উল্লেখিত মার্কিন উদ্বেগ দূর করার ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগের হালনাগাদ পরিস্থিতি কী, সে সম্পর্কে খোঁজ নেওয়া হবে।
প্রসঙ্গত, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং এ বিষয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দুই দেশ গত বছরের ২৫ নভেম্বর ওয়াশিংটনে টিকফা সই করে।
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক: যুক্তরাষ্ট্রের বাজারে বৈষম্যমূলক শুল্ক কমানোর অনুরোধ জানানোর পাশাপাশি রানা প্লাজা ধসের পর বাংলাদেশের গৃহীত পদক্ষেপ নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তোফায়েল আহমেদ বলেন, কর্মস্থলের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ অনেক বেশি সতর্ক। রানা প্লাজা ধসের পর বাংলাদেশে আর কোনো শিল্প দুর্ঘটনা ঘটবে না। জিএসপি পুনর্বহালের লক্ষ্যে কর্মপরিকল্পনায় দেওয়া ১৬ দফার শর্ত পূরণে ব্যাপক অগ্রগতি হয়েছে।
বাণিজ্যমন্ত্রী মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনদেজের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন। তোফায়েল আহমেদ বলেন, ‘তিনি (মার্কিন সিনেটর) এমন একটা সময়ে মন্তব্যটা করেছেন, যখন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাণিজ্যবিরোধ নিষ্পত্তির জন্য টিকফার বৈঠকে বসছে। তাঁর বক্তব্য দুঃখজনক এবং অপ্রত্যাশিত। তাঁর বক্তব্য আমাদের বিস্মিত করেছে।’