গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান
জিএসপি বাতিল হলে ফিরে পেতে দীর্ঘ সময় লেগে যাবে: মজীনা
যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা (জিএসপি) একবার বাতিল হয়ে গেলে তা ফিরে পেতে দীর্ঘ সময় লেগে যাবে বলে মন্তব্য করেছেন এ দেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।রাষ্ট্রদূত মনে করেন, জিএসপি-সুবিধা বাতিল হলে বাংলাদেশ সরকার ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার-সুবিধা পাওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ড্যান মজীনা এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।এই সভা উদ্বোধনকালে যেসব রাজনৈতিক দল দেশজুড়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে, সেসব দলে অর্থায়ন না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহেমদ, আইবিএফবির সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ।বাংলাদেশের জিএসপি-সুবিধা বাতিল চেয়ে ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে একটি আবেদন দাখিল করে যুক্তরাষ্ট্রের একটি শ্রমিক সংগঠন।ড্যান মজীনা বলেন, জিএসপি-সুবিধা যেন বহাল থাকে, সে জন্য বাংলাদেশ সরকার ও ব্যবসায়ীরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ জন্য অবশ্যই বাংলাদেশকে কারখানার শ্রমমান ও কর্মপরিবেশ আরও উন্নত করতে হবে।মজীনা মনে করেন, যুক্তরাষ্ট্র জিএসপি-সুবিধা বাতিল করলে বিশ্বে বাংলাদেশের জন্য একটি নেতিবাচক বার্তা চলে যাবে। এতে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের শুল্ক-সুবিধা প্রাপ্তিও বাধাগ্রস্ত হতে পারে।কয়েক দিন ধরে এ দেশে রাজনৈতিক সহিংসতা চলছে মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনই সমঝোতা হয়ে গেলে তা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবে।গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে মজীনা বলেন, ‘গ্রামীণ ব্যাংকের কার্যকারিতা, অখণ্ডতা এবং অনন্যসাধারণ সুশাসনকাঠামো যেন বজায় থাকে, তা নিশ্চিত করতে সরকারকে আমরা উৎসাহিত করব। কারণ এই ব্যাংক দেশের ৮০ লাখ অসহায় মানুষ, বিশেষ করে নারীদের মধ্যে ভবিষ্যৎ জীবন নিয়ে আশা তৈরি করেছে।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের উন্নয়নে ব্যবসায়ীদের অবদান অনেক বেশি। ব্যবসায়ীদের কারণেই এ দেশের তৈরি পোশাক কারখানায় এখন আর শিশু শ্রমিক দেখা যায় না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ব্যবসায়ীদের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে অনেকেই প্রশিক্ষিত হয়ে দক্ষ হয়ে উঠবে।ব্যবসায়ীদের দেশের রাজনীতিতে অবদান রাখার আহ্বান জানিয়ে মিজানুর রহমান বলেন, ‘দয়া করে সহিংস রাজনীতিকে না বলুন। দয়া করে গত কয়েক দিনের হরতালে যে নৃশংস কর্মকাণ্ড সংঘটিত হলো, তাকে না বলুন। দয়া করে সন্ত্রাসবাদকে না বলুন...।’এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, চলমান রাজনৈতিক সহিংসতায় ব্যবসা-বাণিজ্যে মারাত্মক অবনতি ঘটেছে। এ অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ আছেন। আমরা কোনো ধরনের সন্ত্রাস, হানাহানি সহ্য করব না। আমরা সংঘাতময় পরিস্থিতির অবসান চাই, না হলে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে সমাধানের পথ খুঁজে নেবেন।’