যুক্তরাষ্ট্রে অগ্রাধিকার বাজার-সুবিধা (জিএসপি) ধরে রাখতে হলে বাংলাদেশকে অবশ্যই শ্রমিক অধিকার ও কর্মপরিবেশের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড নিশ্চিত করতে হবে।বাংলাদেশ সফররত মার্কিন কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্য জর্জ মিলার এই অভিমত জানিয়েছেন। গতকাল বুধবার ঢাকায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলার এসব কথা বলেন। সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্প খাতের পরিস্থিতি সরেজমিনে দেখতে তিনি বাংলাদেশ সফরে এসেছেন।মিলার বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানের শ্রমিক সংঘের পূর্ণাঙ্গ উপস্থিতি বাংলাদেশে নেই। আমরা জানি যে শ্রমিকেরা সংগঠন করতে পারেন। তবে শ্রমিক নেতারা চাকরিচ্যুত হন। কিন্তু আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এটা অনুমোদন করে না।’মিলার আরও বলেন, অনেকেই শ্রমিক সংঘ সমর্থন করছেন। কিছু কিছু ক্ষেত্রে তা মেনে নেওয়া হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে শ্রমিকদের প্রতি আগ্রাসী আচরণ করা হয়।শ্রমিক সংঘ করা বাংলাদেশি শ্রমিকদের সাংবিধানিক অধিকার উল্লেখ করে মিলার বলেন, ‘বলা হচ্ছে যে এটার বাস্তবায়ন হবে। তবে আমাদের ধৈর্য অসীম নয়।’জর্জ মিলার আরও বলেন, তাঁরা সরকার, সাংসদ, পোশাকশিল্পের মালিক ও এনজিওর কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। প্রত্যেকেই স্বীকার করেছেন যে বাংলাদেশের সামনে দুটি বিকল্প আছে। হয় তারা শ্রমিকদের কাজের পরিবেশ ও কারখানা নিরাপদ করে তুলে সামনে এগিয়ে যেতে পারে, অথবা অতীত আঁকড়ে থেকে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের মান হারাতে পারে। মিলার বলেন, বাংলাদেশের পোশাকশিল্প এখন সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে তাৎক্ষণিক যোগাযোগের সব মাধ্যমের অংশ হয়ে গেছে। আর তাই গতকাল যেভাবে ব্যবসা করা গেছে, আজকেও সেভাবে ব্যবসা করা যাবে—এমনটি ভাবার আর সুযোগ নেই। এদিকে গতকাল সকালে বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে বিজিএমইএর কার্যালয়ে বৈঠক শেষে মার্কিন কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্য জর্জ মিলার বলেন, এখানকার কারখানা পরিচালনাকারীরা নিরাপদ কর্মপরিবেশের গুরুত্ব বুঝতে পেরেছেন। আলোচনায় দীর্ঘ মেয়াদে বাস্তবায়নের বিষয়গুলো উঠে এসেছে।বিজিএমইএর নেতারা জানান, তাঁরা শ্রম নিরাপত্তা নিশ্চিত করতে পোশাক ক্রেতাদের দায় নেওয়ার ওপর আলোচনায় গুরুত্ব দিয়েছেন।