মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বিনা শুল্কে বাংলাদেশে প্রস্তুতকৃত ‘স্লিপিং ব্যাগ’ রপ্তানিতে আবারও জটিলতা দেখা দিয়েছে। জটিলতা নিরসনে তদবির করতে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে তিন সদস্যের একটি দল। বাণিজ্যসচিব গোলাম হোসেন এতে নেতৃত্ব দেবেন। ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভে (ইউএসটিআর) এ ব্যাপারে শুনানি রয়েছে ৩০ নভেম্বর। তারপর একই বিষয়ে শুনানি রয়েছে যুক্তরাষ্ট্রের আধা-বিচারিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাণিজ্য কমিশনেও (ইউএসআইটিএস)। দুটোতেই অংশ নেবে বাংলাদেশ। স্লিপিং ব্যাগ রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) সুবিধা পায়। কিন্তু চীনাভিত্তিক যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি এ খাতে রপ্তানিতে বাংলাদেশকে জিএসপি দেওয়ার বিরোধী।‘এক্সেল আউটডোর’ নামক কোম্পানিটি চলতি বছরের শুরুতে ইউএসটিআরের কাছে এক আবেদনে জানায়, বাংলাদেশি স্লিপিং ব্যাগ একটি টেক্সটাইল পণ্য। তাই এ পণ্যের রপ্তানিতে জিএসপি-সুবিধা প্রত্যাহার করে নেওয়া হোক।এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি স্লিপিং ব্যাগ রপ্তানিতে জিএসপি-সুবিধার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিলেও গত ১ জুলাইয়ে ওবামা প্রশাসনের হস্তক্ষেপে তার সুরাহা হয়। অর্থাৎ বহাল থাকে জিএসপি সুবিধা। রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, এক্সেল আউটডোর ইউএসটিআরে সম্প্রতি আবারও বিষয়টি উত্থাপন করেছে। যোগাযোগ করা হলে বাণিজ্য সচিব গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করি বিষয়টির ইতিবাচক নিষ্পত্তি করা সম্ভব হবে।’ সূত্র জানায়, এক্সেল আউটডোরের সাম্প্রতিক আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএসটিআর জিএসপি সুবিধা পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। বিজিএমইএ সূত্রে জানা গেছে, বাংলাদেশের ৮৮টি কারখানায় স্লিপিং ব্যাগ প্রস্তুত করা হয়। জানা গেছে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্র সাত কোটি ৬১ লাখ ডলার (৫৩২ কোটি ৭০ লাখ টাকা) স্লিপিং ব্যাগ আমদানি করেছে। তার আগের বছর আমদানির পরিমাণ ছিল সাড়ে নয় কোটি ডলারের (৬৬৬ কোটি ৪০ লাখ টাকা)। যুক্তরাষ্ট্রের স্লিপিং ব্যাগ বাজারের ৯৭ শতাংশ নিয়ন্ত্রণ করে চীন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৮ সালে ১৭ হাজার ডলার, ২০০৯ সালে ছয় লাখ ১১ হাজার ৯২৭ ডলার এবং চলতি বছরের আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি ৩১ লাখ ডলারের স্লিপিং ব্যাগ রপ্তানি হয়েছে। যুক্তরাষ্ট্রের মোট বাজারের শূন্য দশমিক আট শতাংশ স্লিপিং ব্যাগ রপ্তানি করে বাংলাদেশ।