যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার (জিএসপি) হারাতে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ।সচিবালয়ে গতকাল বুধবার ‘জিএসপির আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সুবিধা বাতিল, স্থগিত বা সীমিতকরণ উদ্যোগের প্রেক্ষিতে করণীয় নির্ধারণ’ শীর্ষক বৈঠক শেষে বাণিজ্যসচিব সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।সচিব জানান, ৩১ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কাছে তৈরি পোশাক, চিংড়ি প্রক্রিয়াকরণ খাত, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও তৈরি পোশাক কারখানায় অগ্নি নিরাপত্তা—এই চার বিষয়ে বাংলাদেশের অগ্রগতির চিত্র দাখিল করা হবে। এ ব্যাপারে ইতিমধ্যে একটি খসড়া দাঁড় করানো হয়েছে বলেও জানান সচিব। বৈঠকে খসড়াটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়।মাহবুব আহমেদ বলেন, বাংলাদেশে শ্রম অধিকার লঙ্ঘনের বিষয়ে ইউএসটিআর রন কার্ক গত ২১ ডিসেম্বর একটি চিঠি দেন। পাশাপাশি ৮ জানুয়ারি বাংলাদেশের উদ্দেশে নোটিশ প্রকাশ করে ইউএসটিআর। ইউএসটিআরের চাহিদা অনুসারে কতটুকু অগ্রগতি হয়েছে, জানতে চাইলে সচিব জানান, ‘অনেক অগ্রগতিই হয়েছে। যেমন, শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।’ ট্রেড ইউনিয়ন নিবন্ধন করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, চারটি ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে মামলা রয়েছে। বাকি ১৩৪টিরই নিবন্ধন হয়েছে।এদিকে, জিএসপি-সুবিধার বিষয়ে ইউএসটিআরের নোটিশ বা চিঠি দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উপদেষ্টা মনজুর আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এফবিসিসিআই মতামত দিয়েছে। যে জবাব দেওয়া হবে, তাতে যেন বিষয়টি উল্লেখ করা হয়, সেটাই তাঁর দাবি।জানা গেছে, ৩১ জানুয়ারির মধ্যে জবাব পাঠানোর পর ইউএসটিআরে আগামী মার্চে শুনানি অনুষ্ঠিত হবে।