মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে বিপিজিএমইএর সভাপতির আশঙ্কা
জিএসপি-সুবিধা বাতিল হলে প্লাস্টিক শিল্প খাত ধাক্কা খাবে
যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি বাংলাদেশি পণ্য রপ্তানিতে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) বা অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে। এটি বাস্তবায়িত হলে দেশের প্লাস্টিক শিল্প খাত বড় ধরনের ধাক্কা খাবে।বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি মো. জসিম উদ্দিন গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘জিএসপি-সুবিধার কারণে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে কম কর দিতে হতো। যদিও দেশটিতে আমাদের পণ্য খুব বেশি যায় না। তবে এটি বাতিল হলে সারা বিশ্বে নেতিবাচক বার্তা যাবে। যেমন ইতিমধ্যে ইউরোপের পার্লামেন্টেও বাংলাদেশের জিএসপি বাতিল নিয়ে আলোচনা শুরু হয়েছে।’অষ্টম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা সম্পর্কে বিস্তারিত জানাতে বিপিজিএমইএর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোসাদ্দেকুর রহমান, সহসভাপতি কাজী আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, সাবেক সভাপতি ইউসুফ আশরাফ প্রমুখ। জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশের প্লাস্টিক পণ্যের ৮০ শতাংশই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে রপ্তানি হয়। তবে আমেরিকার বাজার তার চেয়েও বড়। কিন্তু দূরত্বের কারণে সেখানে জাহাজভাড়া বেশি লাগে। তাই চীন ওই বাজারে নেতৃত্ব দিলেও আমরা পারছি না। এ বিষয়ে সরকার ব্যবস্থা নিতে পারে।’ বাংলাদেশ থেকে প্রতিবছর সরাসরি ও প্রচ্ছন্ন মিলিয়ে আড়াই হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য রপ্তানি হয়। এ খাতে বার্ষিক প্রায় ২০ শতাংশ প্রবৃদ্ধি হয়। গত ২০১১-১২ অর্থবছরে এই খাত থেকে রপ্তানি আয় হয়েছে আট কোটি ৮৬ লাখ ডলার। তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্লাস্টিক পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে এক কোটি ৪৪ লাখ ডলার কম হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এবারের প্লাস্টিক মেলা অনুষ্ঠিত হবে। এতে সাড়ে তিন শ স্টল থাকবে। মেলায় অংশ নেওয়া স্বাগতিক বাংলাদেশের কোম্পানিগুলোর উৎপাদিত পণ্যসামগ্রীর পাশাপাশি চীন, ভারত, তাইওয়ান, কোরিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের ১৫টি দেশের প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করবে।বিপিজিএমইএ ও তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল যৌথভাবে চার দিনব্যাপী এই মেলার আয়োজন করছে। এটির উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।