জিএসপি স্থগিত হওয়ায় ধাক্কা খেয়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মো. জসিম উদ্দিন
মো. জসিম উদ্দিন
প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও দ্রুত এগোতে পারছে না প্লাস্টিক খাত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে জিএসপি স্থগিত করায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই খাতটি। সেই ক্ষতি এখনো কাটেনি। তাহলে এই খাতের ভবিষ্যৎ কী? উঠে দাঁড়াতে কি চান উদ্যোক্তারা? তাঁরাই বা কী করছেন? প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় এসব প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি মো. জসিম উদ্দিন

প্রথম আলো: প্লাস্টিক পণ্যের সম্ভাবনা অনেক। দীর্ঘদিন ধরে আপনারা এমন কথা বলে আসছেন। তবে প্লাস্টিক পণ্যের রপ্তানি ৮-১০ কোটি মার্কিন ডলারের মধ্যেই আটকে আছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে ১৭ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। কেন রপ্তানি বাড়ছে না?

জসিম উদ্দিন: আশির দশকে গৃহস্থালি পণ্যসামগ্রী তৈরির মধ্য দিয়ে দেশের প্লাস্টিক শিল্পের যাত্রা শুরু হয়। নব্বইয়ের দশকে রপ্তানিমুখী পোশাক খাতের জন্য হ্যাঙ্গার, পলিব্যাগ, বোতামসহ বিভিন্ন উপকরণ তৈরির মধ্য দিয়ে প্লাস্টিক শিল্পে বিপ্লব ঘটে। বর্তমানে পোশাক ছাড়াও ওষুধ, ইলেকট্রনিকসসহ নানা পণ্যসামগ্রীর মাধ্যমে প্রচুর পরিমাণে প্লাস্টিকের উপকরণ রপ্তানি হচ্ছে। এটিকে বলা হয় প্রচ্ছন্ন রপ্তানি। এই ধরনের রপ্তানিতে ১০-১৫ শতাংশ প্রবৃদ্ধি আছে। তবে সরাসরি প্লাস্টিক পণ্যের রপ্তানিতে আয় কমেছে। এর মূল কারণ ইউরোর দরপতন ও যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি স্থগিত হওয়া। আমেরিকার প্লাস্টিক পণ্যের বাজার দ্রুত বর্ধনশীল। গত ১৩-১৪ অর্থবছরে এই বাজারে আমাদের প্লাস্টিক পণ্য রপ্তানিতে ৪০ শতাংশ প্রবৃদ্ধি ছিল। জিএসপি স্থগিতের পর গত অর্থবছর সেই প্রবৃদ্ধি ২৮ শতাংশ ঋণাত্মক হয়েছে। এ ছাড়া পেট্রোকেমিকেলের দরপতনের পাশাপাশি প্লাস্টিকের কাঁচামালেরও দাম কমে। সে জন্য প্লাস্টিক পণ্য রপ্তানি পরিমাণের হিসাবে ২০-২২ শতাংশ প্রবৃদ্ধি থাকলেও মূল্যের দিক থেকে কমে গেছে।
প্রথম আলো: তাহলে আসছে বছরগুলোতে প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় বাড়ানোর কতটুকু সম্ভাবনা?
জসিম উদ্দিন: জিএসপি স্থগিত হওয়ায় সত্যিই আমরা ধাক্কা খেয়েছিলাম। যুক্তরাষ্ট্রের বাজার প্রচুর সম্ভাবনাময় হওয়ায় আমরা সরকারের কাছে একটি প্রণোদনা চেয়েছিলাম। সরকারও ১০ শতাংশ প্রণোদনা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এটি কার্যকর হলেই আমাদের পণ্যের দাম কমে আসবে ও রপ্তানি বাড়বে। বেঙ্গল, আরএফএল, পারটেক্সসহ কয়েকটি বড় গ্রুপ রপ্তানির জন্য আলাদা কারখানা স্থাপনে কাজ করছে। এগুলো উৎপাদনে আসলে প্লাস্টিক পণ্যের রপ্তানির প্রবৃদ্ধি কয়েক বছরের মধ্যেই বেড়ে যাবে। তা ছাড়া প্রায় প্রত্যেক শিল্পের সঙ্গেই প্লাস্টিকের একটি সম্পর্ক আছে। এসব শিল্পের অগ্রগতির পাশাপাশি প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় বাড়বেই।

.
.

প্রথম আলো: নতুন কারখানা করতে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছেন?
জসিম উদ্দিন: সরকার নতুন করে কোনো কারখানাকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ক্যাপটিভ পাওয়ার জেনারেটর দিচ্ছে না। এতে করে নতুন যারা আসবে তাদের বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে। সরকার দেশের বাজারে এটি সমন্বয় করে বিদ্যুতের দাম কমাতে পারে। গ্যাস-বিদ্যুতের দাম না কমালে শিল্পকারখানা প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করতে পারবে না। এ ছাড়া বর্তমানে কারখানার কর্মপরিবেশ বা কমপ্লায়েন্স একটি বড় ইস্যু। সরকার গত অর্থবছরের জাতীয় বাজেটে ফায়ার ডোর, স্প্রিংকলার মতো অগ্নিনির্বাপক যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়। তবে সেটি পোশাক খাতের জন্য। যেহেতু এসব পণ্যসামগ্রী কেউ বাড়িঘরে লাগাবে না, কারখানা কর্মপরিবেশ নিশ্চিতেই এগুলো আমদানি করবে। তাই সরকারের উচিত সব শিল্পকারখানাকে কমপ্লায়েন্ট করতে এসব সামগ্রী শুল্কমুক্ত আমদানির সুবিধা দেওয়া।
প্রথম আলো: সম্প্রতি ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তা ব্যবহারে বাধ্যতামূলক করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। অনেকেই এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। আপনাদের কী মত?
জসিম উদ্দিন: প্লাস্টিকের বস্তা তৈরির কারখানা আছে প্রায় ৭০টি। তার মধ্যে অর্ধেক প্রতিষ্ঠান কেবল এই ছয়টি পণ্যের বস্তাই তৈরি করত। এখন সরকারের সিদ্ধান্তের কারণে কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিষ্ঠানগুলো কোনো পথে যাবে সে বিষয়ে দিকনির্দেশনা না দিয়ে এ ধরনের আইন করা শিল্পের জন্য খারাপ। তাদের জন্য এক্সিট প্ল্যান বা বেরোনোর পথ থাকা দরকার। বিভিন্ন ব্যাংকে প্রায় দেড় হাজার কোটি টাকার ব্যাংকঋণ আছে কারখানাগুলোর। এখন ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে ব্যাংক খাতই নতুন করে সংকটে পড়বে।
প্রথম আলো: প্লাস্টিকপল্লি স্থাপনের বিষয়ে আপনাদের দীর্ঘদিনের দাবিটি অবশেষে পূরণ হতে যাচ্ছে। সেখানে কোনো উদ্যোক্তারা কারখানা করার সুযোগ পাবেন?
জসিম উদ্দিন: প্লাস্টিকপল্লি স্থাপনের জন্য সরকার কেরানীগঞ্জে ৫০ একর জমি দিচ্ছে। এখানে ছোট ছোট ৩১৪টি প্লট থাকবে। পুরান ঢাকার ক্ষুদ্র-মাঝারি কারখানাগুলো এই প্লাস্টিকপল্লিতে স্থানান্তরিত হবে। ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রকল্পটি পাস হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এবং প্লাস্টিক শিল্প মালিকদের সমিতি বিপিজিএমইএ এই প্লাস্টিকপল্লি স্থাপন প্রকল্পের বাস্তবায়ন করবে। চলতি বছরের মধ্যেই সরকার জমি অধিগ্রহণের কাজ শেষ করবে। এটি হলে পুরান ঢাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা কারখানাগুলো একটি ভালো কর্মপরিবেশে চলে আসবে।
প্রথম আলো: প্লাস্টিকের খেলনায় প্রচুর সম্ভাবনা থাকলেও দেশ কিংবা বিদেশের বাজারে এখন পর্যন্ত কিছু করা যাচ্ছে না কেন?
জসিম উদ্দিন: সারা বিশ্বের ৯০ শতাংশ প্লাস্টিকের খেলনা তৈরি করে চীন। এসব খেলনা তৈরিতে বড় সমস্যা হচ্ছে এ জন্য বিভিন্ন ধরনের ছোটখাটো যন্ত্রাংশ ও ইলেকট্রনিকস ডিভাইস দরকার হয়। দেশের উদ্যোক্তারা এই উপখাতটি নিয়ে তেমন একটা ভাবেননি। তাই সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না। অবশ্য গাজী ও আরএফএল খেলনার কারখানা করছে বলে শুনেছি। কারখানা দুটি হলে খেলনা রপ্তানি শুরু হবে।
প্রথম আলো: প্লাস্টিকের কাঁচামালের পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার (রিসাইকেল) করার ব্যবস্থা করা গেলে তো পরিস্থিতির উন্নতি হতো। এ বিষয়ে আপনারা কী ভাবছেন?
জসিম উদ্দিন: আমাদের দেশে প্লাস্টিক বর্জ্যের ৭০ শতাংশই রিসাইকেল হচ্ছে। তবে সঠিকভাবে না হওয়ায় মান খারাপ হয়। এসব দিয়ে তেমন কিছু করা যায় না। তবে আধুনিক উপায়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও রিসাইকেল করা গেলে প্লাস্টিকের কাঁচামালের ৪০ শতাংশ আর আমদানি করতে হবে না। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব। এ জন্য সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। আরেকটি বিষয় বলতে চাই, আমদানি করা প্লাস্টিকের কাঁচামাল মোল্ডের শুল্কায়ন করতে গিয়ে দাম বাড়িয়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। বিশ্ববাজারে খাদ্যসামগ্রী ও তেলের দাম হ্রাস পাওয়ার পাশাপাশি মোল্ডের দামও কমছে। তবে এনবিআর কর্মকর্তারা মোল্ডের আগের উচ্চ মূল্যেই শুল্কায়ন করছেন। এনবিআরের মানসিকতা পরিবর্তন করা উচিত। এ ছাড়া প্লাস্টিকের কাঁচামাল মূলধনী যন্ত্রপাতি হিসেবে আমদানির সুযোগ দেওয়া উচিত।
সাক্ষাৎকার নিয়েছেন: শুভংকর কর্মকার