জিএসপি স্থগিতের সিদ্ধান্ত শ্রমমান উন্নতির সুযোগ: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ দেশে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) স্থগিত করাকে শ্রমমান ও কর্মপরিবেশের নিরাপত্তা উন্নয়নের সুযোগ বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জিএসপি পুনর্বহালে বাংলাদেশকে সহযোগিতা দিতে কাজ করে যাবে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন।

জিএসপি স্থগিত করার পর বাংলাদেশের কোনো প্রতিক্রিয়া মার্কিন প্রশাসন জানতে পেরেছে কি না—একজন সাংবাদিকের এ প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্যাট্রিক ভ্যানট্রেল যুক্তরাষ্ট্র সরকারের এ মনোভাব তুলে ধরেন। গতকাল শনিবার তাঁর দপ্তরে নিয়মিত বিফ্রিং করেন এই কর্মকর্তা।

কারখানার শ্রমিকদের কাজের পরিবেশ উন্নয়নে পদক্ষেপ না নেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২৮ জুন জিএসপি স্থগিতের ঘোষণা দেন। জিএসপি স্থগিতের সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর কার্যকর হবে।

প্যাট্রিক ভ্যানট্রেল বলেন, মার্কিন প্রেসিডেন্ট ওবামা ২৮ জুন বাংলাদেশের জিএসপি স্থগিত করার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, এ সিদ্ধান্ত শ্রমমান ও কর্মপরিবেশের নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ নিতে এ মুহূর্তে বাংলাদেশের জন্য একটি সুযোগ সৃষ্টি করেছে। তাই বাংলাদেশের জিএসপি পুনর্বহালের জন্য সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু এ জন্য একটি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তবেই বাংলাদেশ পরিস্থিতির উন্নতি ঘটাতে পারবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘এ ঘোষণার পর থেকে তাদের সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ হয়েছে কি না, সেটি আমার জানা নেই। তবে কারখানার অগ্নিকাণ্ড কিংবা ভবনধসের মতো ভয়াবহ যেসব দুর্ঘটনা প্রত্যক্ষ করেছি, শ্রমিক অধিকার এবং কর্মপরিবেশের নিরাপত্তার মৌলিক বিষয়গুলো সফলভাবে মোকাবিলা করতে পারলে ভবিষ্যতে এসব দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করা যাবে।’

জিএসপি স্থগিত করা বাংলাদেশের জন্য শ্রমমানের উন্নতিতে সুযোগ তৈরি করেছে—এমন মন্তব্য করে গতকালের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হন প্যাট্রিক ভ্যানট্রেল। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, হঠাৎ করে আপনি তাকে (বাংলাদেশ) শাস্তি দেবেন আর সেটাকে সুযোগ বলবেন, এটা কেমন যুক্তি?

আরেক সাংবাদিক বলেন, ধরা যাক, মার্কিন পররাষ্ট্র দপ্তর এক ট্রাফিক পুলিশ, বাংলাদেশ হচ্ছে বেপরোয়া মোটরসাইকেল চালক। তাঁর হাতে টিকিট বা লাইসেন্স ধরিয়ে কি আপনি বলবেন তাঁকে গতি কমানোর সুযোগ দেওয়া হলো?

শ্রমমান নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘(শ্রমিকদের) সংগঠিত হওয়ার অধিকার ও দর-কষাকষির প্রক্রিয়ায় যুক্ত হওয়াসহ শ্রমিক অধিকার ও শ্রমমানের বিষয়ে আমরা উন্নতি দেখতে চাই। আমি মনে করি না, মার্কিন পররাষ্ট্র দপ্তরে বসে প্রয়োজনীয় সব পদক্ষেপের ব্যাপারে বলার সুযোগ আমার আছে। সুনির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে জানতে আমি আপনাকে মার্কিন বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) সঙ্গে কথা বলতে বলব। তবে সামগ্রিকভাবে শ্রমমানের ব্যাপারে যে উদ্বেগ রয়েছে, তা দূর করতে আমরা বাংলাদেশকে সহযোগিতা করতে চাই।’

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বন্ধ করা ও গণতন্ত্র অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রসঙ্গে জানতে চাইলে প্যাট্রিক ভ্যানট্রেল বলেন, ‘বাংলাদেশকে গণতান্ত্রিক সংস্কার সুসংহত করার ক্ষেত্রে সহযোগিতা করতে চাই।’