জিএসপির জন্য আর উদ্যোগ নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পেতে আর কোনো উদ্যোগ নেবেন না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘জিএসপির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত পূরণের পরও তা পাওয়া গেল না। এ ব্যাপারে আর কোনো উদ্যোগ নিতে আমরা রাজি নই।’
সচিবালয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত দারজা বাভদাজ কুরেতের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশকে জিএসপি না দেওয়ার কারণকে ‘রাজনৈতিক’ বলেও মনে করেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘রাজনৈতিক কারণ ছাড়া আর কিছু দেখছি না। যেখানে বারাক ওবামা নাইরোবি সফরে গিয়ে বাংলাদেশের প্রশংসা করেছেন, সেখানে সামান্য জিএসপি না দেওয়ার কোনো কারণ নেই। এটা না পেলে অবশ্য আমাদের তেমন কোনো ক্ষতিও হবে না।’
তবে নতুন উদ্যোগ না নেওয়ার কথা বললেও তোফায়েল আহমেদ আশাবাদী বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) আওতায় জিএসপি পাওয়ার ব্যাপারে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র টিকফার আওতায় আলোচনায় জিএসপির স্থগিতাদেশ প্রত্যাহার করবে বলে আমি আশা করি।’
যুক্তরাষ্ট্র গত ২৯ জুলাই বিশ্বের ১২২টি দেশের জন্য জিএসপি নবায়ন করেছে, যার মধ্যে বাংলাদেশ ও রাশিয়া নেই। ভারত, পাকিস্তানসহ সার্কভুক্ত অন্য সব (৭টি) দেশই রয়েছে এ তালিকায়। দেশগুলো আগেও জিএসপির আওতায় ছিল।
২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের দুই মাস পর জুনে বাংলাদেশের জন্য জিএসপি স্থগিত করে যুক্তরাষ্ট্র, যা এখনো বহাল আছে। এই স্থগিতের কয়েক দিন পর যে আইনের (ট্রেড প্রেফারেন্স এক্সটেনশন আইন) বলে জিএসপি দেওয়া হচ্ছিল, তার মেয়াদই শেষ হয়ে যায়। ফলে ওই সময় স্থগিত হয়ে যায় যুক্তরাষ্ট্রের পুরো জিএসপি ব্যবস্থাই। অর্থাৎ কারও জন্যই এ সুবিধা থাকেনি।
তবে জিএসপি-সুবিধা ফিরে পাওয়াসহ বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নে ওই সময় ১৬টি শর্ত দিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করে দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশ শর্তপূরণের অগ্রগতির চিত্র যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরে জিএসপি পুনর্বিবেচনার (রিভিউ) দাবিও জানায়। এ সংক্রান্ত শুনানি শেষে যুক্তরাষ্ট্র বলেছে, অগ্রগতি হয়েছে, তবে আরও দরকার।
সম্প্রতি মার্কিন কংগ্রেস জিএসপি কর্মসূচি আবার চালু করে। এবারের মেয়াদ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
তোফায়েল আহমেদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সব শর্তই পূরণ করা হয়েছে। আমার ধারণা, শর্তগুলোর চেয়ে বেশি কিছু করলেও তারা স্থগিতাদেশ প্রত্যাহার করবে না।’
ট্রেড ইউনিয়নের একটি পয়েন্টই যুক্তরাষ্ট্র বারবার সামনে আনে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ভিয়েতনামে কি শ্রমিক স্বাধীনতা আছে? সেখানে তো এক পার্টি। সেখানকার মেহনতি মানুষের অবস্থা কারও অজানা নয়। আর নিত্যনতুন জঙ্গি তৎপরতাসহ কত কিছু হচ্ছে পাকিস্তানে। সুতরাং আমাদের আর কিছু করার নেই।
জিএসপি বিষয়ে তোফায়েল আরও বলেন, ‘মোট রপ্তানিতে জিএসপির অবদান ন্যূনতম। ২০১২-১৩ অর্থবছরে এর আওতায় ২ কোটি ৩০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। অথচ ওই অর্থবছরে মোট রপ্তানি হয় ৫৫০ কোটি ডলারের পণ্য। তিনি বলেন, আফ্রিকার এমন কয়েকটি দেশকেও জিএসপি দেওয়া হয়েছে, যেসব দেশ রপ্তানিই করতে পারে না।
তোফায়েল বলেন, ‘বলতে কোনো দ্বিধা নেই, বাংলাদেশের উত্থান বিশ্বের অনেক দেশ পছন্দ করে না। বিশেষ করে যেসব দেশ মুক্তিযুদ্ধকালীন আমাদের সমর্থন করেনি, তাদের কাছে আমরা অপছন্দনীয়। এর কারণ বাংলাদেশের বিস্ময়কর উত্থান।’ তিনি বলেন, আমরা ওপরের দিকে যাই, তা অনেকেই চায় না।
এদিকে যোগাযোগ করলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন গত রাতে বলেন, ‘বন্ধ জিএসপি আবার চালু হয়েছে, এটা আশার দিক। আমরাও এখন নতুন করে আলোচনায় যেতে পারি।’