জিএসপির বেশির ভাগ শর্ত পূরণ করেছে বাংলাদেশ: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পেতে দেওয়া শর্তের বেশির ভাগই পূরণ করতে পেরেছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে সাংবাদিক মোহাম্মদ মোফাজ্জল হোসেনের পোশাকশিল্পের ওপর নির্মিত ‘প্রাইস ট্যাগই সব নয়’ শীর্ষক প্রামাণ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠানে মজীনা এসব কথা বলেন। তিনি সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। খবর বাসস ও ইউএনবির।
ড্যান ডব্লিউ মজীনা আরও বলেন, তিনি বিশ্বাস করেন বাংলাদেশি ব্র্যান্ড সারা বিশ্বে গ্রাহকদের মধ্যে পছন্দের ব্রান্ড হিসেবে পরিচিতি পাবে। তাঁর বিশ্বাস, পোশাকশিল্পে বাংলাদেশ বিশ্বে ১ নম্বর রপ্তানিকারক দেশ হতে পারে।
বাংলাদেশে বিশ্বমানের শ্রম পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, পোশাক কারখানা রানা প্লাজা ও তাজরীনে যে দুর্ঘটনা ঘটেছে, তার পুনরাবৃত্তি তাঁরা কখনোই চান না। তবে এসব ঘটনার পরে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশকেই সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, এর মধ্যে বাংলাদেশ সরকার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন, মজুরি কাঠামো পরিবর্তন ও শ্রম আইনের সংশোধনে যেসব পদক্ষেপ নিয়েছে, তা বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে।

জিএসপির বাকি শর্তও শিগগিরই পূরণ করবে বাংলাদেশ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, জিএসপি সুবিধা ফিরে পেতে যেসব শর্ত দেওয়া হয়েছিল, তার বেশির ভাগই বাংলাদেশ পূরণ করেছে। বাকি শর্তগুলোও শিগগিরই পূরণ করা সম্ভব হবে। তিনি বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে যে শর্তগুলো দেওয়া হয়েছিল, তার মধ্যে একটি ছিল পরিদর্শক নিয়োগ। আগামী মার্চ-এপ্রিলের মধ্যে পিএসসির মাধ্যমে ২০০ পরিদর্শক নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকার তাদের মেয়াদকালে দুবার মজুরি বোর্ড গঠন করে পোশাকশ্রমিকদের বেতন বাড়িয়েছে। কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ি ভাড়া বাড়ার ফলে বেতনের বেশির ভাগ টাকা বাড়িভাড়ার পেছনে ব্যয় হয়। তাই বাড়িভাড়া যাতে ঘন ঘন বাড়ানো না হয় সে বিষয়ে বিদ্যমান আইনের সংশোধন প্রস্তাব তৈরি করা হচ্ছে। শিগগিরই তা মন্ত্রিসভায় উত্থাপনের জন্য দাখিল করা হবে।’
প্রতিমন্ত্রী বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে বিশ্বমানের শ্রম পরিবেশ সৃষ্টিসহ সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিগগিরই জিএসপি সুবিধা পুনর্বহাল হবে বলে সরকার আশাবাদী।
সাংবাদিক ফরিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ ও নারী নেত্রী শিরিন আক্তার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহমেদ খান, অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট রিয়াজ বিন মাহমুদ ও ফারিস্ট নিটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আসিফ মঈন।