জিডিপি প্রবৃদ্ধি এবার অন্তত ৬.৭ শতাংশ হবে: অর্থমন্ত্রী
দেশের গত দুই বছরের অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রায় চমৎকার হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে এই আশাবাদও ব্যক্ত করেছেন যে চলতি বছরই এর প্রতিফলন দেখা যাবে। তাই জ্বালানি ও বিদ্যুতের সংকট সত্ত্বেও চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার অন্তত ৬ দশমিক ৭০ শতাংশ হবে। ২০০৯-১০ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৮০ শতাংশ।অর্থমন্ত্রীর মতে, দেশে বিনিয়োগের হার এখন জিডিপির ২৪ শতাংশ নয়, বরং তার চেয়ে অনেক বেশি।গতকাল মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে তাঁর কার্যালয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। খবর ইউএনবির।অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগকারীরা এখন বিশ্বাস করছেন যে ২০১১ সালের পর তাঁরা পর্যাপ্ত জ্বালানি ও বিদ্যুৎ পাবেন। সে কারণেই তাঁরা বিনিয়োগ অব্যাহত রেখেছেন।তবে ইআরডির সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী বিদেশি সহায়তাপুষ্ট ৩৮টি উন্নয়ন প্রকল্পে সহায়তার অর্থ ব্যবহার করতে না পারায় সরকার ও দাতা—উভয় পক্ষের দুর্বলতাকেই দায়ী করেন।অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তা ব্যবহারের ক্ষেত্রে দক্ষতা বাড়াতে হবে। অভ্যন্তরীণভাবেও কিছু সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে।চলতি ২০১০-১১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদেশি সাহায্যপুষ্ট ৩৮টি বড় প্রকল্পে সহায়তার পরিমাণ ১২ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। সরকারের দিক থেকে সাহায্য ব্যবহারে পিছিয়ে থাকার কারণ হিসেবে অর্থমন্ত্রী ক্রয় পরিকল্পনায় বিলম্ব, পুনঃ দরপত্র প্রক্রিয়া ও প্রকল্প কর্মকর্তা-কর্মচারীর অভাবকে চিহ্নিত করেন। অন্যদিকে দাতা সংস্থাগুলোর প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত দিতে বিলম্ব করা হয় বলে তিনি উল্লেখ করেন।অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত দিতে অনেক বেশি সময় লাগিয়ে দেয়। এসব প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বহু লোকের সম্পৃক্ততা থাকায় দেরি হয় উল্লেখ করে তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠান অনেক সময় দুর্নীতির ঠুনকো অভিযোগ আনে, যাতে অনেক সময় নষ্ট হয়।কারা এসব অভিযোগ করে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তিনি জানেন না। আর স্বাধীন দেশে যে কেউই অভিযোগ করতে পারে। তবে তিনি শুনেছেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে বিশ্বব্যাংক ও এডিবিতে অনেক অভিযোগ জমা হয়েছে।আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সাহায্যের ব্যবহারে যেহেতু পিছিয়ে আছে, সেহেতু চলতি অর্থবছর শেষে প্রকল্প সাহায্যের পরিমাণ কিছুটা কমে যাবে।সম্প্রসারণমূলক অর্থনীতি হিসেবে বাংলাদেশের মতো দেশে বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকা উচিত বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। বলেন, ঘাটতি অর্থায়নের অর্ধেকটাই আসা উচিত বিদেশি উৎস থেকে। আর বাকি অর্ধেকটা অভ্যন্তরীণভাবে। উল্লেখ্য, ২০১০-১১ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৩ কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে বিদেশি উৎস থেকে সরকার তিন হাজার ১০৭ কোটি ৯৩ লাখ টাকা অর্থায়ন করা হয়েছে। বাকি এক হাজার ৯১৫ কোটি ১৮ লাখ টাকা এসেছে অভ্যন্তরীণ উৎস থেকে।অর্থমন্ত্রী অবশ্য বলেছেন, চলতি অর্থবছরে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ উৎস থেকেই অধিক পরিমাণে ঘাটতি অর্থায়ন করতে হবে, যা কিনা তুলনামূলকভাবে ব্যয়বহুল।বিদেশি সহায়তা ছাড় করার বিষয়ে অর্থমন্ত্রী জানান, প্রতিশ্রুতি বেশি থাকলেও চলতি বছর শেষ পর্যন্ত ছাড়কৃত সহায়তা আগের বছরের চেয়ে কম হবে।অর্থমন্ত্রী আরও জানান, বিশ্বব্যাংক তাদের সহায়তার প্রতিশ্রুতি পালন করলেও এখনই বাজেটীয় সমর্থনমূলক সহায়তা হয়তো দেবে না।