জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৮ শতাংশ: বিশ্বব্যাংক
চলতি ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।কৃষি খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত না হওয়া, রপ্তানি, দেশজ ভোগ ও বিনিয়োগের চাহিদা কমে যাওয়ায় উৎপাদনমুখী শিল্প খাতের প্রবৃদ্ধির ধীরগতি, রাজনৈতিক অস্থিরতায় সেবা খাত মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়া এবং গ্যাসসংকট ও অবকাঠামো উন্নতকরণের ধীরগতির কারণেই জিডিপি প্রবৃদ্ধির হার এমনটা হতে পারে বলে মনে করছে সংস্থাটির ঢাকা কার্যালয়।রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থা ও উন্নয়ন অগ্রগতির প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক সালমান জাইদী বক্তব্য দেন।প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেন, ‘জিডিপি প্রবৃদ্ধির হার যে ৫ দশমিক ৮ শতাংশই হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা বলছি, এবার প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে থাকবে।’চলতি অর্থবছরের জন্য সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৭ দশমিক ২ শতাংশ।জাহিদ হোসেন বলেন, দেশের কৃষি খাতের উৎপাদন খারাপ নয়। কিন্তু আশানুরূপ প্রবৃদ্ধি হচ্ছে না। এ বছর মূলধনি যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল এবং মধ্যবর্তী পণ্যের আমদানি অনেক কমে গেছে। বিদ্যুতের উৎপাদন বেড়েছে। কিন্তু তা-ও ওঠা-নামা করছে। ব্যক্তি খাতের ঋণপ্রবাহ কমে গেছে। এটি বিনিয়োগ স্থবির হয়ে যাওয়ার একটি বড় কারণ।বিশ্বব্যাংকের ৫ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিকেই ভালো (হেলদি) প্রবৃদ্ধি উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, এশিয়ার দেশ পাকিস্তান (৩ দশমিক ৮ শতাংশ) ও নেপালের (৩ দশমিক ৮ শতাংশ) চেয়ে এ দেশের প্রবৃদ্ধি ভালো হবে। এ দেশের চেয়ে প্রবৃদ্ধি বেশি হবে কেবল চীন (৭ দশমিক ৫ শতাংশ) আর ভারতের (৬ দশমিক ১ শতাংশ)।জিডিপি প্রবৃদ্ধি কমে গেলেই দেশের অর্থনীতি ধসে পড়বে না বলে মন্তব্য করেন জাহিদ হোসেন। তাঁর মতে, এর কারণ দুটি। প্রথমত, অর্থবছরের প্রথম নয় মাসে দেশে প্রচুর পরিমাণে প্রবাসী-আয় (রেমিট্যান্স) এসেছে। প্রবাসী-আয়ের প্রবৃদ্ধি ১৬ দশমিক ৬ শতাংশ। দ্বিতীয়, প্রথম দিকে রপ্তানি কম থাকলেও পরবর্তী কয়েক মাস ধরে রপ্তানি প্রবৃদ্ধি ভালো। নয় মাসে রপ্তানি প্রবৃদ্ধি ১০ দশমিক ২ শতাংশ।সরকার চলতি অর্থবছরে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তা অর্জন সম্ভব বলে মনে করছে বিশ্বব্যাংক। এর কারণ হিসেবে জাহিদ হোসেন বলেন, বৈশ্বিক নিত্যপণ্যের দাম স্থির আছে, অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থা ভালো আর মুদ্রানীতিতে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখাই মুদ্রানীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।বিশ্বব্যাংক মনে করে, দেশের বহির্বাণিজ্য এখন কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। জাহিদ হোসেন বলেন, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ এক হাজার ৪০০ কোটি ডলার। গত অর্থবছরে চলতি ও মূলধন হিসেবে ঘাটতি ছিল, এ বছর উদ্বৃত্ত আছে।দেশের আর্থিক খাতের উন্নয়ন একটি ঝাঁকুনিপূর্ণ রাস্তার ওপর রয়েছে বলে মন্তব্য বিশ্বব্যাংকের। জাহিদ হোসেন বলেন, ব্যাংকিং খাতের স্থিতিশীলতার অবনতি ঘটেছে। অবনতি ঘটেছে রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকের গুণগত মানেরও। অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থাও ভালো নয়। শেয়ারবাজারে যে আস্থার ঘাটতি ছিল, তা এখনো ফিরে আসেনি।বিশ্বব্যাংক বলেছে, চলতি অর্থবছরে দেশের বাজেট ঘাটতি হবে ৪ দশমিক ৫ শতাংশ। তবে ঘাটতি মোকাবিলায় গত অর্থবছরে যেভাবে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার ঋণ নিয়েছিল, এবার তাতে পরিবর্তন এসেছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে কম ঋণ নিয়েছে সরকার। জাহিদ হোসেন অবশ্য বলেন, এ বছর রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হতে পারে।