জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ থেকে ৬.১ শতাংশ: আইএমএফ
চলতি অর্থবছরে (২০১৪-১৫) মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৬ থেকে ৬ দশমিক ১ শতাংশ হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।
বাংলাদেশ সফরে আসা সংস্থাটির প্রতিনিধিদলের প্রধান রড্রিগো কুবেরো আজ মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এ মন্তব্য করেন।
জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ সম্পর্কে রড্রিগো বলেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (অর্থাৎ গত জুলাই থেকে ডিসেম্বর) অর্থনীতিতে এক ধরনের গতি ছিল। কিন্তু শেষ ছয় মাসে এসে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সেই গতিতে কিছুটা ধাক্কা লেগেছে।
সম্প্রসারিত ঋণ সুবিধা বা ইসিএফ চুক্তির আওতায় আইএমএফ বাংলাদেশকে প্রায় এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের সুদহীন ঋণ সহায়তা দিচ্ছে।
বছরের বিভিন্ন সময় ঋণের বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে মূল্যায়নভিত্তিক আলোচনা করে আইএমএফ। তারই আওতায় আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসেন।